ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মেননের ব্যাখ্যায় সন্তুষ্ট ১৪ দল: নাসিম

মেননের ব্যাখ্যায় সন্তুষ্ট ১৪ দল: নাসিম
×

মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৯:৫১

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে ১৪ দল সন্তুষ্ট বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

মোহাম্মদ নাসিম সোমবার তার বাসভবনে ১৪ দলের বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, জোটের পক্ষ থেকে পাঠানো চিঠির জবাব দিয়েছেন রাশেদ খান মেনন। এ নিয়ে সোমবার জোটের বৈঠকে আলোচনা হয়েছে। রাশেদ খান মেনন তার ব্যাখ্যায় বলেছেন, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে ১৪ দলের যে বিশ্নেষণ ও মতামত তার সঙ্গে তিনি ঐকমত্য পোষণ করেছেন। তারপরও বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। এরফলে সব বিভ্রান্তি ও বিতর্কের অবসান হয়েছে। আদর্শিক জোট ১৪ দল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।

জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম আরও বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ১৪ দল গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। এখন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করছেন। রাশেদ খান মেননসহ জোট শরিকরা অতীতের মতো কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, সামাজিক অপরাধের বিরুদ্ধে লড়াই চলছে। নুসরাত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, বাসদের রেজাউর রশিদ খান ও তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হক।

আরও পড়ুন

×