করোনায় সাংবাদিকদের ঝুঁকি ভাতার দাবি ঐক্যফ্রন্টের
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ১৩:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাস সংক্রমণে মৃত, আক্রান্ত ও কর্মরত সাংবাদিকদের জীবনের ঝুঁকি ভাতার দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ এ দাবি জানিয়ে বলেন, দেশের যে কোনো সংকটের মতো করোনার এই কঠিন সময়েও সাংবাদিকরা তাদের অসাধারণ ভূমিকা এবং দায়িত্ব পালন করছেন। করোনা প্রতিরোধ এবং চিকিৎসা ক্ষেত্রে সরাসরি কোনো করণীয় না থাকার পরও জনগণকে এ সম্পর্কে বাস্তব পরিস্থিতি অবহিত করে অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালনকালে নিজেদের জীবনের ঝুঁকি তৈরি করেছেন। এর মধ্যেই ৬ জন সংবাদকর্মী প্রাণ হারান, এ ছাড়া আক্রান্ত হয়েছেন ২৪৪ জন।
এ সময়ে নেতৃবৃন্দ করোনায় মৃত্যুবরণকারী সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, সাংবাদিকরা যেহেতু করোনার এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছেন, এ কারণে তাদের জন্য যথাযথ সুরক্ষার ব্যবস্থা করতে হবে। অনেক মিডিয়া হাউস কর্মীদের বেতন দিচ্ছে না, এমনকি অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে। অবিলম্বে সব ছাঁটাই বন্ধ করতে হবে, ছাঁটাইকৃতদের পুনর্বহাল করতে হবে এবং তাদের বেতন প্রাপ্তি নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন, তাদের জন্য ঝুঁকি বিবেচনায় পর্যাপ্ত ভাতার ব্যবস্থা করতে হবে।
তারা বলেন, অনেক ক্ষেত্রে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা ও মামলার ঘটনাও ঘটেছে; সত্য প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারও হয়েছেন। আমরা গ্রেপ্তারকৃত সব সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি করছি এবং ভবিষ্যতে তাদের ওপর যে কোনো রকম হয়রানি বন্ধ করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়্যারম্যান অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী।