ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

মনে সাহস রাখুন, প্রতিরোধ ক্ষমতা বাড়বে: ওবায়দুল কাদের

মনে সাহস রাখুন, প্রতিরোধ ক্ষমতা বাড়বে: ওবায়দুল কাদের
×

ওবায়দুল কাদের- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৪:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনা প্রতিরোধে সবাইকে মনে সাহস রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আক্রান্ত হলে চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রাখতে হবে। মনের শক্তি এবং প্রতিরোধ ক্ষমতা বাড়লে রোগের শক্তি কমে যায়।

শুক্রবার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে অনলাইনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা সহায়তা বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে ওবায়দুল কাদের এ সব কথা বলেন। চারদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের স্বনামধন্য চিকিৎসক ও অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ দিচ্ছেন। একশ’ জন প্রশিক্ষণার্থী অনলাইনে কর্মশালায় অংশ নিচ্ছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আশার বাতিঘর। তিনি সবার পাশে রয়েছেন। তার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামাজিক দুরত্ব বজায় রেখে সমন্বয়ের মাধ্যমে মানুষের পাশে থাকতে হবে।’

হাসপাতালে করোনা রোগীদের ভোগান্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে করোনা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। হাসপাতাল ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ করছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী ওঠানো সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। স্বাস্থ্যবিধি না মেনে ও অতিরিক্ত ভাড়া আদায় করে গণপরিবহন চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।’

সারাবিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, করোনা মহামারি একটি বৈশ্বিক সংকট। বিশ্বের ২১৫টি দেশে মহামারি ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ও সংক্রমণ বিস্তারের দিক থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ২১তম অবস্থানে এসেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা সংক্রমণের চিকিৎসা ব্যবস্থাপনায় উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। অর্থনীতির শক্ত ভিত ও স্বাস্থ্যখাতের সক্ষমতা নিয়েও তারা আজ অসহায় আত্মসমর্পণ করেছে এই মহামারির কাছে। একটি রোগ যখন মহামারি আকারে ছড়িয়ে পড়ে, তখন বিদ্যমান সুযোগ-সুবিধা দিয়ে তাকে আটকে রাখা কঠিন। তখন প্রয়োজন পড়ে বিশেষ ব্যবস্থাপনা। সমাজের সবস্তরের মানুষের ঐক্য অসচেতনতা, সবার সম্মিলিত ও সমন্বিত প্রয়াস।’

করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার সংকটের শুরু থেকে দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা সংক্রমণ রোধ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। সাধারণ ছুটি ঘোষণার পর অসহায় ও কর্মহীন মানুষের পাশে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সহযোগিতা করে আসছেন। অর্থনৈতিক সুরক্ষায় সরকার এক লাখ কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।’

আওয়ামী লীগের উপ-কমিটির প্রশিক্ষণের কথা তুলে ধরে কাদের বলেন, ‘করোনা সংক্রমণের অবনতিশীল পরিস্থিতিতে আক্রান্তদের সঠিক সেবা প্রদানের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে করোনা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, পরিবার ও কর্মক্ষেত্রে সুরক্ষা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে এমন প্রশিক্ষণ জরুরি। সংক্রমণ রোধে সচেতনতা তৈরি এবং আক্রান্ত হলে ভীত না হয়ে চিকিৎসার ব্যবস্থা কীভাবে করা যায়- তা নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ উপজেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বেচ্ছাসেবীরা ঝুঁকিমুক্তভাবে কাজ-কর্ম চালিয়ে যাওয়ার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকেও প্রশিক্ষণ দিতে পারবেন।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুরসহ উপ-কমিটির নেতারা।

আরও পড়ুন

×