ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০ | ০৬:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ-খবর  নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতাকে আরও দুই দিন অচেতন অবস্থায় হাসপাতালের আইসিইউতে থাকতে হবে। এমন পরিস্থিতিতে প্রয়োজনে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ নাসিমের পরিবারের পক্ষ থেকে তার আশু সুস্থতা চেয়ে দেশবাসীর দোয়া কামনা করা হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত সোমবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের কথা ছিল। কিন্তু শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ব্রেইন স্ট্রোক করায় অবস্থার গুরুতর অবনতি ঘটে।

এরপর তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। সিএমএইচের অ্যাম্বুলেন্স এলেও শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে নেওয়া যায়নি। পরে সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মোহাম্মদ নাসিমের মস্তিস্কের অস্ত্রোপচার শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে বেলা ১১টা পর্যন্ত অস্ত্রোপচার চলে।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক ডা. আল ইমরান চৌধুরী সমকালকে  জানিয়েছেন, মোহাম্মদ নাসিমের অস্ত্রোপচার সফল হয়েছে। আগামী দুই দিন তাকে অচেতন অবস্থায় আইসিইউতে রাখা হবে। এরপর অবস্থার উন্নতি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল থেকে কয়েক দফায় তার ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অস্ত্রোপচার শেষে অস্ত্রোপচারকারী চিকিৎসক অধ্যাপক ডা. রাজিউল হকের কাছ থেকেও টেলিফোনে নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন শেখ হাসিনা।

দুপুরে হাসপাতাল চত্ত্বরে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা বিষয়ে সাংবাদিকদের জানান তানভীর শাকিল জয়। তিনি বলেন, তাদের পরিবারটি এখন চরম  বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে তার মায়ের শরীরে করোনা শনাক্তের পর এই হাসপাতালেই চারদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি। এরপর তার বাবা ফুসফুসে ৫০ ভাগ সংক্রমণ নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে রিকভারি করার পর তাকে কেবিনেও নিয়ে আসার কথা চলছিল। এই অবস্থায় বিশাল একটি দুর্যোগ ঘটে গেছে, বড় ধরনের স্ট্রোক করায় তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটেছে। পরিবারের পক্ষ থেকে তারা দেশবাসীর দোয়া চাইছেন, যেন দ্রুত তার বাবা এই জটিল অবস্থা কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেন।      

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা এক বিবৃতিতে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।



আরও পড়ুন

×