’দেশ ও দলের দুর্দিনে তৃণমূল কর্মীরা বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন’
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২০ | ০৯:৫০
‘দেশ ও দলের দুর্দিনে আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন। করোনামুক্ত বাংলাদেশ হওয়ার আগ পর্যন্ত এই তৃণমূল নেতাকর্মী ও দলের জনপ্রতিনিধিরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য জনগণের পাশে আছে এবং থাকবে।’
শনিবার রাতে করোনাকালীন সংকট নিয়ে আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্যা প্যানডেমি’ এর নবম পর্বে ‘করোনা সংকট মোকাবিলায় তৃণমূলের ভূমিকা’ শীর্ষক আলোচনায় আওয়ামী লীগের নেতারা এসব কথা বলেন।
রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচার হয়েছে। এছাড়া বিজয় টিভি এবং সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, বাংলা নিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেসবুক পেইজে এটি দেখা যায়।
আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে দলের কেন্দ্রীয় নেতা ও তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে রিলিফ কমিটি গঠন ও রিলিফ প্রদানে সক্রিয় অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ। সাধারণ মানুষকে সচেতন করা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীরা কার্পণ্য করেননি। আওয়ামী লীগের দুর্দিনের নেতাকর্মীরা মৃত্যুভয়কে উপেক্ষা করে এখন পর্যন্ত রিলিফ কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, দেশ ও দলের দুর্দিনে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাই সবার আগে এগিয়ে এসেছেন। দলীয় জনপ্রতিনিধিরা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থেকেছেন, এখনও রয়েছেন। করোনামুক্ত বাংলাদেশ হওয়ার আগ পর্যন্ত তৃণমূল নেতাকর্মীরা ও জনপ্রতিনিধিরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য জনগণের পাশে আছেন এবং থাকবেন।
দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে মানুষের ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌছে দিয়েছেন, এখনও দিচ্ছেন। দলের সর্বস্তরের জনপ্রতিনিধি নিজ এলাকায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে থেকেছেন। দলের কেন্দ্র থেকে সবকিছু সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
তিনি বলেন, দলের দপ্তরের হিসেব অনুযায়ী সারাদেশের তৃণমূল নেতাকর্মীরা এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখ মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন। আওয়ামী লীগের রাজনীতিই হচ্ছে অসহায় মানুষের পাশে থাকা, পাশে দাঁড়ানো ও মানুষকে সহায়তা করা। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে তৃণমূল নেতাকর্মীরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় আরও যুক্ত হন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।
- বিষয় :
- আওয়ামী লীগ
- রাজনীতি