রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন: আরও এক মাস সময় চেয়ে আ’লীগের চিঠি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২০ | ০৫:৪৯
রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইনের ওপর মতামতের জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে আরও এক মাস সময় বাড়ানোর আবেদন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার ইসি সচিবের কাছে পাঠানো আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই আবেদন করা হয়েছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এই তথ্য নিশ্চিত করে সমকালকে আরও জানিয়েছেন, তারা মেইলে ইসিতে এ চিঠি পাঠিয়েছেন। ইসি থেকে এ চিঠির প্রাপ্তি নিশ্চিতও করা হয়েছে।
গত ১৬ জুন ইসি থেকে ‘রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন ২০২০’ শীর্ষক আইনটির খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে আহ্বান জানানো হয়েছিল। ইসির বেঁধে দেওয়া ১৫ কার্যদিবসের সময়সীমা মঙ্গলবার পার হয়েছে। এদিনই চিঠি দিয়ে সময় বাড়ানোর আবেদন করলো ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের চিঠিতে বলা হয়, ইসির নির্বাচন সংশ্লিষ্ট যেসব আইন রয়েছে তার মৌলিক বিষয়াবলী অক্ষুণ্ন রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আইনের খসড়ার ওপরে মতামত দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইনের ওপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। এজন্য করোনার এই প্যানডেমিক পরিস্থিতিতে ১৫ দিন সময় যথেষ্ট নয়। তাই এই আইনের খসড়ার ওপর মতামতের জন্য আরও একমাস সময় বৃদ্ধির প্রয়োজন।
সায়েম খান জানান, করোনা পরিস্থিতি ভালো হলে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক মতামত দেবে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দলের বিজ্ঞ নেতারা আলাপ-আলোচনার ভিত্তিতে যথাযোগ্য প্রতিনিধি দলের মাধ্যমে এই মতামত দেওয়া হবে।