ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাবির হল ছাত্রদলের কমিটিতে হত্যা মামলার আসামি, আছে সাবেক ছাত্রলীগ নেতা-কর্মী

জাবির হল ছাত্রদলের কমিটিতে হত্যা মামলার আসামি, আছে সাবেক ছাত্রলীগ নেতা-কর্মী
×

.

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫ | ০১:০৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২৫ | ০১:১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৭০ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটি ও ১৭টি হলে ৮৮ সদস্যের কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। জানা গেছে, হত্যা মামলার ৩ পলাতক আসামি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নেতা-কর্মী এবং বিভিন্ন সময় মাদক ও ছিনতাইয়ের কারণে বহিষ্কার হওয়া অনেকেই স্থান পেয়েছেন কমিটিতে। 

শুক্রবার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৭০ সদস্য বিশিষ্ট বর্ধিত কমিটি ঘোষণা করা হয়। এছাড়া দুজনকে দাপ্তরিক দায়িত্ব দেওয়া হয়। 

একই দিনে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত পৃথক আরেক বিজ্ঞপ্তিতে ৬টি ছাত্রী হল, ১১টি ছাত্র হল ও একটি অনুষদসহ ৮৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা যায়, বর্ধিত কমিটিতে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা হত্যার মামলার তিনজন পলাতক আসামি পদ পেয়েছেন। ওই ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতবছরের ২০ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় তাদের ছয় মাসের জন্য বহিষ্কারও করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শামীম মোল্লা হত্যার ঘটনার পরদিন ১৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল এক বিবৃতিতে জানিয়েছিল – অভিযুক্তরা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। তবুও মামলার ৮ আসামির মধ্যে হামিদুল্লাহ সালমান, রাজু আহমেদ ও মোহাম্মদ রাজন মিয়া নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এর মধ্যে হামিদুল্লাহ সালমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সভাপতি ও বর্ধিত কমিটির সদস্য, রাজু আহমেদ যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ রাজন মিয়া সদস্য হয়েছেন।

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাপ্পী সমকালকে জানান, এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন আদালতে আত্মসমর্পণ করেছেন। গ্রেপ্তাররা হলেন- জাবি শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান রায়হান (২২ সেপ্টেম্বর ২০২৪) এবং সাইফুল ইসলাম ভুইয়া (২৯ সেপ্টেম্বর ২০২৪)। এছাড়া আতিক নামে আরও একজন আদালতে আত্মসমর্পণ করেছেন। বাকিরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

ছাত্রদলের রাজনৈতিক পরিচয়ের কারণে কি এই তিনজনকে গ্রেপ্তার করা হচ্ছে না– এমন প্রশ্নে ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, ‘না। তাদের রাজনৈতিক প্রভাব তদন্তে কোনো প্রভাব ফেলেনি। তদন্ত চলমান রয়েছে এবং কোনো শৈথিল্য দেখানো হবে না।’

যাদের বিরুদ্ধে হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং যারা পলাতক

যাদের ব্যাপারে ঘটনার পর ছাত্রদল নিজেই জানিয়েছিল যে তারা সংগঠনের সঙ্গে যুক্ত নন- তাদের পদপ্রাপ্তি বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সমকালের কাছে কোনো মন্তব্য না করে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও সদস্যসচিবকে প্রশ্ন করতে বলেন।

প্রশ্নের জবাবে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, ‘তিনজনের দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও মেধাকে মূল্যায়ন করা হয়েছে।’

এদিকে কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সভাপতির পদ পাওয়া কাজী মৌসুমী আফরোজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। জানা যায়, ক্যাম্পাসে নানা সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। ফজিলাতুন্নেছা হলের সাধারণ সম্পাদক পদ পাওয়া সাবরিনা সুলতানা সুরভী,  ২১নং ছাত্র হলে সাধারণ সম্পাদক পদ পাওয়া ফিরোজ আহমেদ রিমন ও একই হলের সহ-সভাপতি পদ পাওয়া সাইদুর রহমান সীমান্তও অংশ নিয়েছিলেন ছাত্রলীগের বিভিন্ন মিটিং-মিছিলে। আর সালাম-বরকত হলের সভাপতির পদ পাওয়া সাইদুল ইসলাম ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের বিগত কমিটির সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন।

এছাড়াও জানা যায়, বর্ধিত কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া মো: শাকুর বাপ্পী জড়িত ছিলেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে। থার্টি ফার্স্ট নাইটে মাদকসহ আটক হয়ে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়া শিপন হোসাইন ও সতীর্থ বিশ্বাস বাঁধন সদস্য হিসেবে স্থান পেয়েছেন ছাত্রদলের বর্ধিত কমিটিতে। গত বছরের ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা স্কুল শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হয়েছিলেন মো ইমরান নাজিজ। তাকেও রাখা হয়েছে কমিটিতে।

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর সমকালকে বলেন, ‘যথেষ্ট যাচাই-বাছাই করে কমিটি তৈরি করা হয়েছে। এরপরও বিতর্কিত অনেকে হয়তো রয়ে গেছে। তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে আমরা অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবো।’

আরও পড়ুন

×