ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কর্মসংস্থান করতে না পারলে চরম নৈরাজ্য সৃষ্টি হবে: জেএসডি

কর্মসংস্থান করতে না পারলে চরম নৈরাজ্য সৃষ্টি হবে: জেএসডি
×

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০ | ০৭:৩২ | আপডেট: ১৯ জুলাই ২০২০ | ০৭:৫৮

করোনার কারণে কর্মহীন মানুষের বেঁচে থাকার লড়াইয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে সমাজে চরম নৈরাজ্য সৃষ্টি হবে বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

রোববার জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে একথা জানান। 

বিবৃতিতে বলা হয়, করোনার ভয়াবহতায় কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন মানুষের বেঁচে থাকার লড়াইয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে সমাজে চরম নৈরাজ্য সৃষ্টি হবে এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিপন্ন হওয়ার পরিস্থিতির উদ্ভব হবে।

আত্মমর্যাদাবোধ সম্পন্ন রাষ্ট্রের প্রয়োজনে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে কর্মসংস্থানের জন্য ব্যাপকভিত্তিক মাইক্রো ক্রেডিট কর্মসূচি চালুর সঙ্গে কৃষক এবং কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে প্রণোদনাসহ কৃষি পণ্যভিত্তিক শিল্প গড়ে তোলার পাশাপাশি ৫ দফা ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করার দাবি জানায় দলটি। 

নেতারা বলেন, ত্রাণব্যবস্থা একেবারেই সাময়িক, এটা স্থায়ী কোনো সমাধান হতে পারে না। কর্মহীন মানুষের জন্য অবশ্যই দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান ছাড়া কোনক্রমেই রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা অর্জন করা এবং তা বজায় রাখা সম্ভব নয়। 

জরিপের তথ্য উল্লেখ করে তারা বলেন, বিভিন্ন জরিপে দেখা গেছে, লকডাউনের সময় দেশের দরিদ্র জনগোষ্ঠীর ৯৮ দশমিক ৬ শতাংশ মানুষ কাজ হারিয়েছেন। এ মুহূর্তে তারা খাদ্য সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন। কর্মসংস্থানের পূর্ব পর্যন্ত  দারিদ্র পীড়িত এ জনগোষ্ঠীকে ত্রাণ, কাজের বিনিময়ে খাদ্য এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সুরক্ষা দিয়ে যেতে হবে।  

তারা বলেন, আর্থসামাজিক ভয়াবহতা মোকাবিলা ও কর্মসংস্থান সৃষ্টিতে উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন করতে হবে। দেশের অভ্যন্তরে সুপার হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। বৃহৎ পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে সামাজিক ব্যবসা চালু করতে হবে। দেশে-বিদেশ অবস্থানকারী বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রবাসীদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। প্রবাসীদের অর্থায়নে উপজেলা শিল্প এলাকা এবং পৌর শিল্প এলাকা গঠন করতে হবে।







আরও পড়ুন

×