ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনে বিএনপি-জামায়াতকে জোটের পরামর্শ মঞ্জুর

নির্বাচনে বিএনপি-জামায়াতকে জোটের পরামর্শ মঞ্জুর
×

এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ২১:০৬ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ২১:১৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতকে জোট করার পরামর্শ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির চেয়ারম্যান বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতের বিরোধ দুঃখজনক। মাত্র ৭ বছর আগে দলীয় স্বার্থে দুই দল একই প্রতীক নিয়ে নির্বাচন করেছে। এখন জাতির বৃহত্তর স্বার্থে উভয়ে একজোট ও এক প্রতীকে নির্বাচন করলে সমস্যা কোথায়। আমি মনে করি এটি হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না। 

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মজিবুর রহমান। তিনি বলেন, সবার মনে শঙ্কা ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হলেও রাজপথে কর্মসূচি ঘোষণা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে। 

এবি পার্টির চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, তাঁর দল মনে করে আগে দেশকে গড়ে তোলা প্রয়োজন। এরপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। কিন্তু কেউ তা মনযোগ দিয়ে বিবেচনা করছে না। মজিবুর রহমান বলেন, নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে বিতর্কে ব্যস্ত হয়ে পড়ায় দেশের কাজগুলো আটকে পড়েছে। দ্রুত নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক সময় হঠাৎ সিদ্ধান্তে চলে যাচ্ছি। 

প্রতিনিধি সম্মেলন সঞ্চালনা করেন শ্রমিক বিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানা। এবি পার্টির কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান।

শ্রমিকদের জন্য খাতভিত্তিক কর্মসংস্থান নিয়ে মজিবুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো যদি নাগরিকদের দক্ষ করে গড়ে তোলার দিকে নজর দেয়, তাহলে শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে। শ্রমিকরাই একটি দেশ বদলে দিতে পারে; তাই শ্রমিকদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন

×