ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসন

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন

প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন মনিরা শারমিন
×

মনিরা শারমিন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২১:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে আপিল করেন তিনি। 

এর আগে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইকালে সরকারি চাকরি থেকে পদত্যাগের সময় তিন বছর অতিক্রান্ত না হওয়া সংক্রান্ত জটিলতায় তাঁর প্রার্থিতা বাতিল করে ইসি।    

ইসিতে আপিল করার পর মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, সরকারি চাকরি হিসেবে তিনি যে পর্যায়ে কাজ করেছেন, সেখানে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। কাজেই এটা মনোনয়ন বাতিল হওয়ার মতো বিষয় নয়। কিন্তু নির্বাচন কমিশন মনোনয়ন বাতিল করে তাঁর প্রতি বিমাতাসুলভ ও পক্ষপাতমূলক আচরণ করেছে। 

তিনি জানান, নির্বাচন কমিশন সোমবার (আজ) সকাল সাড়ে ১০টায় আপিলের শুনানির সময় দিয়েছে।

মনিরা শারমিন কৃষি ব্যাংক যোগ দেন ২০২৩ সালের নভেম্বরে, আর পদত্যাগ করেন ২০২৫ সালের ডিসেম্বরে। এর আগে একই বছরের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান তিনি। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে কেউ সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারেন না।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট থেকে মোট ৫৩ জন প্রার্থী হন। এর মধ্যে বাছাইকালে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একজনের মনোনয়ন বৈধ হয়। জামায়াত জোটের ১৩ জনের মধ্যে ১২ জনের বৈধ এবং মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়। এ ছাড়া কোনো জোট বা দলের পরিচয় না দেওয়া এবং সমর্থক ও প্রস্তাবকের স্বাক্ষর না থাকায় অন্য তিন প্রার্থীর মনোনয়নও বাতিল হয়। ইসি ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ মে ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন হওয়ার কথা।

আরও পড়ুন

×