ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাড্ডায় হামলা

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন

বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন
×

ফেরদৌসী আহমেদ মিষ্টি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ | ১৫:১৩

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে স্পিকারের সঙ্গে দেখা করতে সংসদ ভবনে যান তিনি।

সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের মিষ্টি বলেন, ‘স্পিকারের সঙ্গে দেখা করতে এসেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবো।’

এর আগে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকার মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের বলেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় তদন্ত চলছে। একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়া গেছে এবং তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা ওখানে নাই। যারা ওখানে গেছে, তাদের কারও কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু সেটি আমরা কখনোই আমলে নিবো না। তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইখানে একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কী- না, সেটা তদন্তাধীন।’

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ নারী সংরক্ষিত আসন থেকে সংসদে নির্বাচিত ৩৬ জন আইনপ্রণেতার একজন ফেরদৌসী। চলতি বছরের ৩ মে সংরক্ষিত আসনের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন। 

আরও পড়ুন

×