ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরার হত্যায় জামায়াতকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার

সাতক্ষীরার হত্যায় জামায়াতকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে: গোলাম পরওয়ার
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০১:০১

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীম হত্যাকাণ্ডে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
 
বৃহস্পতিবার বিবৃতিতে এ অভিযোগ করে তিনি বলেন, শামীমের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্খিত। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। কিন্তু তদন্তের আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে বিচারের দায়িত্ব আইন ও আদালতের। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামী এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।

জামায়াত সেক্রেটারি বলেছেন, প্রকৃত তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন

×