ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ধর্মীয় কারণে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

ধর্মীয় কারণে বৈষম্য হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম
×
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৪:৪৩

ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ধরনের ঘটনা ঘটলে সংসদে ও রাজপথে কথা বলবে দলটি।

বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশে উদ্‌যাপনের প্রত্যাশা জানান তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘এমন বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে। পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। এমন দিন চাই, যেদিন নিরাপত্তা নিয়ে আলাদাভাবে ভাবতে হবে না।’

এর আগে হিন্দু সম্প্রদায়ের নেতারা সংসদে তাঁদের প্রতি বঞ্চনার বিষয়গুলো তুলে ধরতে এনসিপির প্রতি আহ্বান জানান। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতেও সরব হতে বলেন তাঁরা। তবে নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি।

নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন সময় দেশের ছোটখাটো ঘটনাকে বড় করে উপস্থাপন করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হয়। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ ঘটনাগুলো মোকাবিলায় দায়িত্বশীলতা ও পারস্পরিক সদ্ভাব বজায় রাখা জরুরি। এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, দুর্গাপূজা উদ্‌যাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বাত্মক সহযোগিতা করতে সারা দেশে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা নিজ নিজ সক্ষমতা অনুযায়ী পূজা উদ্‌যাপনে পাশে থাকবেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ।

আরও পড়ুন

×