ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

৭৪-এর কালো ছায়া দেশকে গ্রাস করছে: সেলিমা রহমান

৭৪-এর কালো ছায়া দেশকে গ্রাস করছে: সেলিমা রহমান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ | ০৬:৪৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ | ০৬:৫১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেছেন, এরা পেঁয়াজের দাম বাড়িয়েছে। এখন চালের দামও বাড়ছে। এসব পণ্যের দাম বাড়াচ্ছে একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট চলছে একের পর এক। এভাবে ৭৪ এর সেই করাল ছায়া আবার যেন দেশকে গ্রাস করতে চলেছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের উদ্যোগে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, সিন্ডিকেটের এই দৌরাত্ম তারা হতে দেবেন না। সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সময় এসেছে। জনতার সঙ্গে সমগ্র ঐক্যবদ্ধ শক্তির একতা এখন প্রয়োজন। সবাই মিলে ঐক্যবদ্ধ হোন।

তিনি বলেন, আজকে গুম-খুন নিত্য দিনের ঘটনা। ক্যাসিনো ধরা পড়ছে। কিন্তু তার কোনো বিচার নেই। কয়েকটা চুনোপুঁটি ধরে আজকে পেঁয়াজ দিয়ে সেটা আড়াল করা হচ্ছে। তারপরে আসছে চালের মূল্যবৃদ্ধি। চাল দিয়ে ঢাকা হবে পেঁয়াজের দাম। এভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়বে, একটা দিয়ে আরেকটা ঢাকা হচ্ছে। ক্ষমতার কর্তৃত্ববাদী হাইব্রিড সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষকে জিম্মি করে নিয়েছে।

কৃষক দলের আহবায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, কৃষক দলের হাসান জাফির তুহিন, তকদির হোসেন জসিম প্রমুখ।

আরও পড়ুন

×