ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বিএনপি থেকে আ'লীগে এসেই নেতা ও জনপ্রতিনিধি

বিএনপি থেকে আ'লীগে এসেই নেতা ও জনপ্রতিনিধি
×

শাহেদ চৌধুরী

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ১৩:২০

আওয়ামী লীগে যোগ দিয়ে পদপদবি বাগিয়ে নিয়েছেন বিএনপির অনেকেই। এমনকি আওয়ামী লীগের পোড়খাওয়া ত্যাগী নেতাদের হটিয়ে কেউ কেউ জনপ্রতিনিধিও হয়েছেন।

বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ এবং ঢাকা জেলার নেতাকর্মীদের তালিকায় এমন চিত্র পাওয়া গেছে। গোয়েন্দা সংস্থাগুলোর তৈরি এ তালিকা এরই মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দেওয়া হয়েছে। এ দুই নেতা ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন।

নারায়ণগঞ্জ :এ জেলার আড়াইহাজারের হাইজাদী বিএনপির সভাপতি মোতালেব হোসেন ভূঁইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কালাপাহাড়িয়া বিএনপির সহসভাপতি মোহাম্মদ ডালিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে।

মামলার আসামি হওয়ার পর এ অঞ্চলে আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাতগ্রাম বিএনপির যুগ্ম সম্পাদক পনির মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইসমাঈল মেম্বার, ইউনিয়ন যুবদলের সহসভাপতি রিপন মেম্বার, খাগকান্দা যুবদলের সভাপতি আল আমিন, ইউনিয়ন ছাত্রশিবিরের সহসভাপতি তোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য এ কে খান ও কালাপাহাড়িয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক রুকু মেম্বার।

আবার যোগ দেওয়ার পর অনেকে আওয়ামী লীগের নেতাও হয়েছেন। যেমন- আড়াইহাজার যুবদলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান খোকা হয়েছেন ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ব্রাহ্মন্দী যুবদলের সহসভাপতি ময়নুল মেম্বার হয়েছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি। ব্রাহ্মন্দী যুবদলের যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ অহিদ হয়েছেন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের আয়নুল হক হয়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। খাগকান্দা বিএনপির সভাপতি মফিজুল ইসলাম হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। খাগকান্দা ইউনিয়ন বিএনপির মোজাম্মেল হক তোতা হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দুপ্তারা যুবদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হয়েছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। দুপ্তারা বিএনপির সদস্য মোহাম্মদ সুজন হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাতগ্রাম যুবদলের সদস্য আবু বক্কর হয়েছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

আওয়ামী লীগে যোগ দিয়েছেন জেলা যুবদলের সহসভাপতি রুহুল আমিন মোল্লা, সিদ্ধিরগঞ্জের স্থানীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আশিক, সাংগঠনিক সম্পাদক রতন মোল্লা, আড়াইহাজার বিএনপির সাবেক সভাপতি সামসুল হক মোল্লা, সহসভাপতি মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদস্য সাফি মেম্বার, নাছির মাস্টার, জাকির হোসেন, সুফিয়ান সিকদার, থানা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন বুলবুল, সহসভাপতি হারুন অর রশিদ, থানা যুবদলের আহ্বায়ক আবদুর রাজ্জাক, সহসভাপতি জাহাঙ্গীর আলম, ব্রাহ্মন্দী যুবদলের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনসহ হাবিবুর রহমান মেয়র, সাতগ্রাম বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সজল, সাধারণ সম্পাদক তাজুল মেম্বার, যুগ্ম সম্পাদক মিলন ভূঁইয়া, জাকির হোসেন, সদস্য মোহাম্মদ রাজু, উচিৎপুরা বিএনপির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোপালদী পৌর ছাত্রদলের সভাপতি তানভীর আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার কাসু, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক মেম্বার, খাগকান্দা বিএনপির সভাপতি করিম প্রধান, রূপগঞ্জ বিএনপির সাহাবুদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ রফিক, আসাদ ভূঁইয়া, মোহাম্মদ রতন, কবির হোসেন, মোহাম্মদ মামুন, আবদুর রশিদ, মোহাম্মদ সুমন, শুক্কুর আলী ভূঁইয়া, মোহাম্মদ ওয়াদুদ, এ টি এম রেজাউল করিম, মোহাম্মদ নজরুল, এ টি এম জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুজ্জামান খান, মোহাম্মদ রানু, আবদুর রাজাক সিকদার, মোহাম্মদ আরিফ, সফি উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, মিঠু মিয়া, মোহাম্মদ মোস্তফা, ফটিক মিয়া, মোহাম্মদ রুবেল, আফজাল হোসেন, মোহাম্মদ মানিক, আবুল ফজল, মোহাম্মদ ইসমাইল, জাকির হোসেন, মোহাম্মদ হামিদ, সিরাজুল্লাহ, মোহাম্মদ সিরাজুল, ফয়েজ মাস্টার, মোহাম্মদ শামীম, আবদুর রহমান, জামাল উদ্দিন, রফিক মিয়া, জাকির হোসেন, মজিবুর রহমান পারভেজ, মতিউর রহমান, আবুল বাশার, আমির হোসেন মোল্লা, প্রদীপ কুমার দাস ও বিজয় কুমার দাস।

এ ছাড়া রূপগঞ্জ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইসমাইল, আরমান শিকদার, মোহাম্মদ আজহার, আল আমিন, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল্লাহ, মোহাম্মদ ইয়াকুব, মহিউদ্দিন রুমী, মোহাম্মদ শাহীন, মহিবুর কমিশনার, মোহাম্মদ বিল্লাল, আবদুল মালেক, মোহাম্মদ ভুট্টো, জাহাঙ্গীর মোল্লা এবং মোহাম্মদ শামীমের নামও রয়েছে আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীর তালিকায়।

মানিকগঞ্জ :এ জেলার শিবালয় থানার এক মামলার ২৮ আসামি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তারা বিএনপি ঘরানার রাজনীতি করতেন। তারা হচ্ছেন- গোয়ালখালির আলাল হোসেন আলাল, রূপসার পংকজ বিহারা, বড়রিয়ার তুষার শিকদার, নতুন পাড়ার মনির হোসেন, শিবরামপুরের আবদুস সালাম, ঢাকাইজোড়ের টিটু কাজী, দাসকান্দির জসিম উদ্দিন, মানিক হোসেন, আবদুল মতিন, মুরাদ হোসেন, মজনু হোসেন, কাতরাসিনের সাদ্দাম হোসেন, বড় বোয়ালীর জামান মিয়া, ত্রিলচানপট্টির কাসেম হোসেন, নালীর বাদল হোসেন, বাসাইলের আমীর হোসেন, উথুলীর শামীম হোসেন, নিহালপুরের রতন হোসেন, বড়রিয়ার জুয়েল হোসেন, তেঘরীর সেন্টু মোল্লা, সুজন হোসেন, জুয়েল মুন্সী, রাসেল মুন্সী, পূর্ব ঢাকাইজোড়ার শাহিন হোসেন, শাকরাইলের নুরুল ইসলাম, মানিকনগরের মোহাম্মদ হাসান, খালিসার সুজন মৃধা এবং বাঘলীর শওকত জাহাঙ্গীর রানা। যোগদানকারী মানিকগঞ্জ বিএনপির নুরুল ইসলামের বিরুদ্ধেও মামলা রয়েছে।

এদিকে, দৌলতপুরের পারুলিয়া এলাকার আক্তার হোসেন বিএনপি থেকে আওয়ামী লীগে এসেই ৩ নম্বর বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শিবালয়ের ৭ নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জসীম উদ্দিন। বেতিলা মিতরা ইউনিয়নের চেয়ারম্যান পদে জয় পেয়েছেন মানিকগঞ্জ থানা বিএনপি থেকে আসা নাসির উদ্দিন।

আওয়ামী লীগে যোগ দিয়েই নেতা বনে গেছেন অনেকে। শিবালয় বিএনপির আবদুর রহিম খান হয়েছেন জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক। সিংগাইর বিএনপির রিপন হোসেন হয়েছেন চারিগ্রাম যুবলীগের সভাপতি। হরিরামপুর বিএনপির আমিরুজ্জামান খান মুরাদ হয়েছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক। দৌলতপুর যুবদলের মোক্তার হোসেন বেপারী হয়েছেন থানা তাঁতী লীগের সভাপতি। আক্তার হোসেন হয়েছেন থানা আওয়ামী লীগের সহসভাপতি।

জেলায় আওয়ামী লীগে যোগ দেওয়ার তালিকায় রয়েছেন- হরিরামপুর বিএনপির খবির শিকদার, দৌলতপুর যুবদলের কহিনুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, আবদুস সালাম, হাবিবুর রহমান হবি, মোহাম্মদ সুমন, মানিকগঞ্জ থানা বিএনপির হাবিবুর রহমান খান, মোহাম্মদ ফজলুর, জামাল উদ্দিন, মবেদ আলী, মোহাম্মদ শাহিন, নান্নু বেপারী, আমিন সাব, আওলাদ হোসেন, হাবিবুর রহমান, জসিম উদ্দিন মোল্লা, মোহাম্মদ ইলিয়াস, ইউসুফ দেওয়ান, সেলিম খান, মোহাম্মদ ওয়াহিদ, নুরুল ইসলাম, মোহাম্মদ সাহিদুল ও নাজিমুদ্দিন। দৌলতপুর থানা জামায়াতের মোহাম্মদ দেলোয়ারের নামও আওয়ামী লীগে যোগ দেওয়া নেতাকর্মীদের তালিকায় রয়েছে।

নরসিংদী :আওয়ামী লীগে যোগ দেওয়ার পর নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন দীঘলিয়াকান্দি গ্রামের সিরাজুল হক। কিছুদিন আগে তিনি প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। সিরাজুল হক উপজেলা আওয়ামী লীগের সদস্য। তবে এ দলে যোগ দেওয়ার আগে তিনি রায়পুরা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, সিরাজুল হকের পরিবারের সবাই বিএনপি ঘরানার রাজনীতিতে সম্পৃক্ত। সিরাজুল হকের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা খুনের।

এ জেলার সদর থানার কান্দাইল এলাকার নাজিম উদ্দিন রিপন বিএনপি থেকে আওয়ামী লীগে এসেই আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আমদিয়া বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হয়েছেন মনিরুজ্জামান মনির। তিনি মাধবদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

এ ছাড়া শিবপুরের ঘাগটিয়ার বাদল ভূঁইয়া, নোয়াদিয়া খালপাড়ের ওহিদ উল্লাহ, ঘাসিরদিয়ার চান মিয়া ও মোর্শেদ ভূঁইয়া আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তারা বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সমর্থক। রায়পুরা বিএনপির রমজান আলী স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

এদিকে, যোগ দেওয়ার পরপরই আওয়ামী লীগের নেতা হয়েছেন এমন নেতাদের মধ্যে মাধবদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বেনজির আহম্মেদ হয়েছেন মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মনিরুজ্জামান মনির হয়েছেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। রায়পুরা বিএনপির রমজান আলী হয়েছেন থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

এ জেলায় আওয়ামী লীগে যোগ দেওয়ার তালিকায় আরও রয়েছেন- নরসিংদী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল ভূঁইয়া, থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, থানা ছাত্রদলের মোহাম্মদ টিটু, থানা বিএনপির মোহাম্মদ হানিফ, অলি উল্লাহ সরকার, মোহাম্মদ মোমেন, আমদিয়া বিএনপির সহসভাপতি মোহাম্মদ মামুন, রায়পুরার মহেষপুর বিএনপির সভাপতি শহিদুল্লা, থানা বিএনপির সেলিম মিয়া, বেলাবর বাজনাব বিএনপির সভাপতি খন্দকার মোখলেছুর রহমান ও পাটুলী বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।

মুন্সীগঞ্জ :এ জেলায় আওয়ামী লীগে যোগ দেওয়া গোলাম মোস্তফার বিরুদ্ধে কমপক্ষে পাঁচটি মামলা বিচারাধীন। তিনি মুন্সীগঞ্জ থানা বিএনপির সদস্য ছিলেন। থানা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম খানের বিরুদ্ধেও মামলা রয়েছে।

এদিকে, আরধীপাড়ার আবদুল মান্নান মোড়ল বিএনপি থেকে আওয়ামী লীগে এসেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি শ্রীনগর বিএনপির সভাপতি ছিলেন। তার মতোই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোখলেছুর রহমান। তিনি শ্রীনগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। কোলা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন সিরাজদীখান বিএনপির মীর মোহাম্মদ লিয়াকত হোসেন।

একইভাবে শ্রীনগর বিএনপির সহসভাপতি ইদ্রিস খান পিন্টু, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক, বাঘড়া বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল লতিফ তালুকদার ও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলেক আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

টাঙ্গাইল :এ জেলার কালিহাতী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক এবং সল্লা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হয়েছেন কালিহাতী বিএনপির আনিছুর রহমান। এ দুই নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।

যোগ দেওয়ার পর কালিহাতী বিএনপির আবদুল মালেক তালুকদার হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি। কোকডহরা যুবলীগের সভাপতি হয়েছেন কালিহাতী থানা বিএনপির সুরুজ্জামান। কালিহাতী বিএনপির প্রকৌশলী লিয়াকত আলী হয়েছেন থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। নারান্দিয়া যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ধনবাড়ীর ধোপাখালী বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন খান সক্রিয় থাকলেও স্থানীয় আওয়ামী লীগের পদপদবি পাননি।

গাজীপুর :এ জেলায় মামলার পর আওয়ামী লীগে যোগ দিয়েছেন জেলা বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক আজারুল ইসলাম মোল্লা, জয়দেবপুর বিএনপির দবির উদ্দিন সরকার, এ টি এম সফিজ উদ্দিন, আবদুস সালাম আহম্মেদ আব্বাস, হাবিবুর রহমান রিপন, রিনা আক্তার, মিজানুর রহমান ও গাছা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খাইরুল আলম। আওয়ামী লীগে যোগ দেওয়ার তালিকায় আরও রয়েছেন জয়দেবপুর থানা বিএনপির ইকবাল মোল্লা ও হোসেন ঢালী।

কিশোরগঞ্জ :এ জেলার যশোদল মধ্যপাড়ার ছমির উদ্দিন মেম্বার একসময়ে স্থানীয় বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ যোগ দিয়েও এখানে সক্রিয় রয়েছেন এই নেতা। তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার পর ৫ নম্বর যশোদল ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। এ জেলার যশোদল দামপাটুলী এলাকার বিএনপি নেতা মাহতাব উদ্দিন আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

ঢাকা :সাভারের মিনহাজ উদ্দিন মোল্লা বিএনপি থেকে আওয়ামী লীগে এসেই স্থানীয় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি কমপক্ষে আটটি মামলার আসামি। আশুলিয়ার শিমুলিয়া বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাও মামলায় জড়িয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ ছাড়া আশুলিয়া কৃষক দলের সভাপতি মেহের আলী ও আবদুল লতিব আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

আরও পড়ুন

×