বিএনপি নির্মূলে সরকার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৮:১০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে সরকার জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে। তবে শত নির্যাতন আর নিপীড়নেও বিএনপির নেতাকর্মীরা বিপর্যস্ত হবে না। বরং চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হবে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ শেষে কুদ্দুসুরকে পুলিশ গ্রেপ্তার করে।
মির্জা ফখরুল বলেন, সরকার অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, চারদিকে ব্যর্থতা ছাড়া এই সরকারের অর্জন কিছুই নেই। সুতরাং জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই কুদ্দুসুর রহমানের মতো প্রতিবাদী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।
অপর এক বিবৃতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিরোধীদলীয় নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে প্রতিনিয়ত দেশের স্বাধীন অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। এ জন্যই প্রতিবাদী জনগণকে নিষ্ঠুরভাবে দমন করতেই মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতন চলছে।
- বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- বিএনপি
