জাসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৯:৫১
বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়েছে। ১৮৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাহী কমিটির বাইরে ২৩ জনকে সংগঠনের উপদেষ্টা করা হয়েছে।
শনিবার বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৭ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদকে সভাপতি এবং নায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৩০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও যোগ্যদের বঞ্চিত করে অপরিচিত মুখ আর অযোগ্যদের পদায়ন করা হয়েছে বলে ইতোমধ্যে অভিযোগ উঠেছে। এমনকি কোনো কোনো নেতার ব্যক্তিগত সহকারীকেও এ সংগঠনে নেতা বানানো হয়েছে বলে নেতাকর্মীরা জানান।
পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে বাবুল আহমেদকে। সহসভাপতি করা হয়েছে ৩৮ জনকে। এ ছাড়া কবি আব্দুল হাই শিকদার, ড. আ ফ ম ইউসুফ হায়দারসহ ২৩ জনকে উপদেষ্টা করা হয়েছে।
