ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

জেএসডিতে ভাঙন, পৃথক কনভেনশনের ডাক

জেএসডিতে ভাঙন, পৃথক কনভেনশনের ডাক
×

শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেএসডির নেতারা-ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ১০:৩৪

আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ভেঙে গেল। দলের একাংশের নেতা আবদুল মালেক রতন ও তার অনুসারীরা আলাদা কনভেনশনের ঘোষণা দিয়েছেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন জানান, আগামী ১১ জানুয়ারি পৃথক কনভেনশন করা হবে।

লিখিত বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক বলেন, জেএসডি সব অন্যায়-অবিচার ও জাতীয় স্বার্থবিরোধী পদক্ষেপ এবং ক্রিয়াকর্মের বিরুদ্ধে প্রতিবাদী দল হিসেবে পরিচিত। এ পরিচয় অর্জন করতে গিয়ে কর্নেল তাহের ফাঁসির মঞ্চে ঝুলেছেন এবং প্রায় ২৪ হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। অথচ জেএসডি নেতৃত্বের একাংশ আজ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দল ও গোষ্ঠীর সঙ্গে আঁতাত করেছে।

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আ স ম রবের জোট করার সমালোচনা করে তিনি বলেন, প্রথমে একে নির্বাচনী ঐক্য বলা হলেও নির্বাচনের পর এটি আরও ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে আঙুল কেটে রক্ত শপথের মধ্য দিয়ে। তারা দলের ভেতরে গণতন্ত্র চর্চা বাদ দিয়ে ব্যক্তিতন্ত্র, পরিবারতন্ত্র ও কোটারিতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছে। গঠনতন্ত্রবিহীনভাবে কাউন্সিল করে ব্যক্তির ইচ্ছামতো নেতৃত্ব নির্ধারণ করার দিকে এগোচ্ছে। এটা দলের নেতাকর্মীরা মেনে নেয়নি। তাই তাদের প্রেরণাতেই তারা জাতীয় কনভেনশন করতে যাচ্ছেন।

দলের এ ভাঙনের জন্য কে দায়ী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল মালেক রতন বলেন, এ অবস্থার জন্য দলের নেতৃত্বের একাংশ দায়ী। আমি যেহেতু দলের সাধারণ সম্পাদক, একটা দলের নেতৃত্বে আরেকটা অংশ থাকে। সেটা কে তা আপনারাই বুঝতে পারেন।

সংবাদ সম্মেলনে জেএসডির সিনিয়র সহসভাপতি এমএ গোফরানসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×