গণতান্ত্রিক দেশে মিছিল-মিটিংয়ে অনুমতি লাগে না: কাদের সিদ্দিকী
আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম- ফাইল ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১০:০৬
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সরকার বিরোধী দলের বিরুদ্ধে কথা বলবে; কিন্তু দেশের মানুষ কী ভাবছে, সরকার ও বিরোধী দল তার পরোয়া করে না। একটি গণতান্ত্রিক দেশে সরকারের অনুমতি নিয়ে মিছিল-মিটিং করার প্রয়োজন নেই। সরকারকে অবহিত করতে হয়। সরকার শুধু পাহারা দেবে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সরকার কোনো বৈধ সরকার নয়, এটা তারাও স্বীকার করে। তবে জবরদস্তি করে থাকলে কখন পতন আসে, তা বলা যায় না। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ যেভাবে চলার কথা. সেভাবে চলছে না। প্রধানমন্ত্রী মারাত্মক চাপের মুখে আছেন। চারপাশে যাদের বসিয়েছেন, তারা কেউ উপযুক্ত নন। যোগ্য লোকদের দিয়ে কাজ করালে এমনটি হতো না।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় সরকারি দলের চিকিৎসক ওই নেতাকে যদি যথাযথ শাস্তি দেওয়া না হয়, তাহলে সরকারই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আবদুল হাই, জেলা শাখার সাধারণ সম্পাদক হিটলু প্রমুখ।