রাষ্ট্র পরিচালনায় সরকার ব্যর্থ: আ স ম রব
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ১০:১৭
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দুই-তিনগুণ বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম ১০ গুণ বেড়েছে। জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, জনজীবনের নিরাপত্তা প্রদানসহ রাষ্ট্র পরিচালনায় সরকার চরম ব্যর্থ।
মঙ্গলবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছায় উপজেলা জেএসডির ত্রিবার্ষিক কাউন্সিলে তিনি এসব বলেন। কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন জেএসডি সহসভাপতি তানিয়া রব ও লক্ষ্মীপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।
আ স ম আবদুর রব বলেন, রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় সরকার গঠন অপরিহার্য হয়ে পড়েছে। সে লক্ষ্যে শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী ও সুশীল সমাজের সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যের রাজনীতির সূচনা করতে হবে।
উপজেলা জেএসডির আহ্বায়ক মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেএসডি নেতা লোকমান হোসেন বাবলু, আবুল হাসানাত চৌধুরী মেহেদী প্রমুখ।
- বিষয় :
- আ স ম রব