অপকর্মের রেকর্ড নেই, এমন ব্যক্তিই মনোনয়ন পাবেন: ওবায়দুল কাদের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৬
নিজেদের কর্মকাণ্ডে যারা বিতর্কিত, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছে- এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না। বিতর্কের ঊর্ধ্বে যারা আছেন, যাদের বিরুদ্ধে অপকর্মের কোনো রেকর্ড নেই তাদেরই নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।
তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ঢাকার দুই সিটিতে মেয়র ও ১৭২ জন কাউন্সিলর প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একসেপটেবল অ্যান্ড পপুলার ক্যান্ডিডেট, অর্থাৎ জনগণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য- এ ধরনের প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্যই মনোনয়ন বোর্ড বসবে। সর্বাত্মকভাবে নেত্রীরও (শেখ হাসিনা) ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়া।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে এ পর্যন্ত নয়জন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর কাউন্সিলর পদে ফরম নিয়েছেন ৪৭৪ জন। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ৩৩৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে শুক্রবার দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর পদে ৭২ জন এবং উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর পদে ৭০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এবারের কেন্দ্রীয় কমিটিতে নারী-পুরুষ মিলিয়ে ১৫ জন নতুন মুখ এসেছেন। কমিটি গঠনের পরপরই একটা চ্যালেঞ্জ হচ্ছে- ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হবে। সেজন্যও প্রস্তুতি নিতে হবে।
তিনি জানান, শনিবার সকাল ৯টায় আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এছাড়া আগামী ৩ জানুয়ারি টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিলে অংশ নেবেন নেতারা। সেখানেই শেখ হাসিনার সভাপতিত্বে নতুন কমিটির প্রথম বৈঠক হবে।
- বিষয় :
- ওবায়দুল কাদের
- আওয়ামী লীগ
