সবদিকেই দলীয়করণ করছে আ.লীগ: ড. মোশাররফ
অনুষ্ঠান চলাকালীন একটি চিত্র।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১ | ১১:০৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২১ | ১১:০৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাষ্ট্রক্ষমতাকে দখলে রাখতে আওয়ামী লীগ সরকার সর্বত্র দলীয়করণ করছে। গত ১২ বছরে শুধু দলীয়করণ করে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সামাজিক সুবিচারকে বিতাড়িত করা হয়েছে, আইনের শাসনকে বিতাড়িত করা হয়েছে, ক্রীড়া অঙ্গনেও দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোথায় দলীয়করণ হয়নি, চারদিকেই তাদের দলীয়করণ।’
সোমবার বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন ক্রীড়া কমিটির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে জিয়া পরিবার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ‘এই সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষের গণতন্ত্র হত্যা করেছে, মানুষের অধিকার হত্যা করেছে, কথা বলার অধিকার হরণ করে নিয়ে গেছে, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করেছে। সেই ১৯৭২-৭৫ কায়দায় দেশ পরিচালনা করছে।’
দেশের ক্রীড়া অঙ্গনের অবস্থা তুলে ধরে জাতীয় দলের সাবেক আলোচিত ফুটবলার বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আজ তো অর্থই অর্থ। ক্রিকেট বোর্ডের নাকি ৯০০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে। এটা তো গর্ব করার বিষয়। কিন্তু কতজন খেলোয়াড় আছে? ৯০০ কোটি টাকা রেখে লাভ হলো কী? কয়জন আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করেছেন? কোনো ইয়ুথ টুর্নামেন্ট আছে, ইয়ুথ ক্যাম্প আছে? কোথায় সেই রাইজিং প্লেয়াররা, যারা ৫ বছর পর, ৭ বছর পর জাতীয় দলে খেলবে? এই অবস্থা হলো কেন? এর জন্য আওয়ামী লীগ দায়ী। ক্রীড়াঙ্গণে তারা রাজনীতিকরণ করেছে।’
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন ক্রীড়া কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য শাহ নুরুল কবির শাহিন, তাবিথ আউয়াল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ বক্তব্য দেন।