ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সহ-সভাপতি হলেন ফারুক

আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সহ-সভাপতি হলেন ফারুক
×

ফারুক হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ১০:৫০

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সহ-সভাপতি পদের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশদ্ভুত ফারুক হোসেন। গত ৩ জানুয়ারি অনুষ্ঠিত আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সভায় তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে এই পদের দায়িত্ব পান।

বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আশারকোটা গ্রামের জমিদার হাজী আফসার উদ্দিন ভূঁইয়ার নাতি ও আর্মি স্টাফ কলেজের সাবেক প্রিন্সিপাল মো. কামাল উদ্দিন ভূঁইয়ার ছেলে ফারুক হোসেন দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। রামগঞ্জ সরকারি কলেজছাত্র সংসদের সাবেক এই সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যে তিনি 'রাইজিং ডেমোক্র্যাট স্টার' খ্যাতি পেয়েছেন। কমিউনিটিতে ফারুক হোসেন লেবার ইউনিয়নের নেতা হিসেবেও সমধিক পরিচিত।

ফারুক হোসেন শ্রমিক সংগঠন ইউনাইট হেয়ার লোকাল-৫৪-এ দক্ষ সংগঠক হিসেবে ১৮ বছর ধরে কাজ করছেন। বর্তমানে তিনি ওই সংগঠনের পলিটিক্যাল অ্যাকশন কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) নিউজার্সি চ্যাপ্টারের সভাপতি হিসেবে দক্ষিণ এশীয় শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করছেন। পাশাপাশি আটলান্টিক সিটির সিটিজেনস অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

ফারুক হোসেন সমকালকে বলেন, তিনি একজন খাঁটি বাংলাদেশি। প্রথম বাংলাদেশি হিসেবে তার এই অর্জন দেশের সুনাম বয়ে আনবে। আগামীতেও দেশের সুনামের জন্য কাজ করতে চান তিনি।

আরও পড়ুন

×