মিশিগানের সংসদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান
ওয়াশিংটন ডিসি প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২০ | ২১:২০ | আপডেট: ১৩ মার্চ ২০২০ | ০৭:০৬
যুক্তরাষ্ট্রের মিশিগানের আইন সভায় সরকারিভাবে পালন করা হলো জাতির জনক বঙ্গবন্ধুর শত-তম জন্মবার্ষিকী। গত মঙ্গলবার স্থানীয় সময় মিশিগানের ১০০-তম সংসদ থেকে হাঊজ এবং সিনেটের যৌথ অধিবেশনে সহকারী ডেমোক্রাটিক ককাসের চেয়ারম্যান সিনেটর পল ওজনোর নেতৃত্বে এবং হাউজ আব রিপ্রেজেনটেটিভ লরি স্টোনের যৌথ স্পনসরশিপে এই অনুষ্ঠান পালিত হয়।
সিনেটর পল ওয়াজনো, রিপ্রেজেনটেটিভ লরি স্টোন, সিনেটর এডম ওলিয়ে, সিনেটর সিলভিয়া সানটানা, সিনেটর জেফ আরভিন, সিনেটর জিম রানস্ট্যাড, সিনেটর স্টেফানি চ্যাং এবং সিনেটর রোজম্যারি বেয়ার এ সময় উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাংসদীয় ভাষণে সিনেটর পল ওজনো বলেন, আমাদের গভর্নর গ্রিচেইন হুইটম্যার এবং ল্যাফট্যানেন্ট গভর্নর গারলিন গিল ক্রেস্টের স্বাক্ষরিত এই বিরল সন্মাননার স্বীকৃতি আমাদের লেজিসলেটিভ ডেলিগেটরের মাধ্যমে অনুমোদিত। তিনি বলেন, আমরা আনন্দিত এবং গর্বিত এমন ইতিহাসের অংশ হতে পেরে। জাতির জনক শেখ মুজিবুর রহমান ছিলেন একাধারে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম প্রধান মন্ত্রী।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের ইতিহাসের দীর্ঘমেয়াদি তিনবারের নির্বাচিত। তিনি শেখ মুজিবের জীবন, ইতিহাস এবং বিরল নেতৃত্বের প্রতি সন্মাননা প্রদান করে বলেন মুজিব বাংলাদেশিদের প্রেরণা এবং মুজিবের দর্শন ইতিহাসের পাতায় সমুজ্জ্বল এবং চিরস্থায়ী হয়ে থাকবে।
পল ওজনো প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. এস এ মালেক, প্রধান মন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানাকে লিখিত অভিনন্দন জানানো হয়েছে। বাংলাদেশের এ্যাম্বাসীর কনস্যুলেট মিনিষ্টার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. রাব্বি আলম ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নম্বর সদস্য শাহানারা রহমানসহ যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, খাজা শাহাব আহম্মেদ, মোহাম্মদ সাহাব উদ্দীন, মিনহাজ রাসেল চৌধুরী, কানুন দনেল বড়ুয়া, নুরুল হাসান পারভেজ এবং নজরুল রহমান এ সময় উপস্থিত ছিলেন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- মিশিগান
- বঙ্গবন্ধু
- জন্মবার্ষিকী
