ছেলের বাবা হলেন সিঙ্গাপুরে অচেতন সেই বাংলাদেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ১০:১৩
ফুটফুটে একটি ছেলে শিশুর বাবা হয়েছেন সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত সেই প্রথম বাংলাদেশি। এটি তার প্রথম সন্তান। তবে জীবনের এমন আনন্দঘন মুহূর্তের খবরটি এখনও জানেন না ৩৯ বছর বয়সী ওই মানুষটি। কী করে জানবেন! করোনা আক্রান্ত হওয়ার পর সেই যে হাসপাতালে ঠাঁই হয়েছিল, সেই রোগ থেকে মুক্ত হলেও হাসপাতাল থেকে আজও তিনি মুক্তি পাননি। এখনও সংকটাপন্ন অবস্থায় অচেতন হয়ে পড়ে আছেন হাসপাতালের শয্যায়। খবর চ্যানেল নিউজ এশিয়ার
এ পরিস্থিতিতে গত সোমবার বাংলাদেশের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী জন্ম দেন ছেলে সন্তানের। মা আর নবজাতক সুস্থ আছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি)। দুই মাস আগে ফেব্রুয়ারির প্রথম দিকে ওই ব্যক্তির দেহে করোনা ধরা পড়ে। তিনি ছিলেন সিঙ্গাপুরে এই ভাইরাসে আক্রান্ত ৪২তম ব্যক্তি।
গত মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমডব্লিউসি জানায়, কভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর কিছুদিন আগে তাকে দেশটির ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর থেকে সরকারি একটি হাসপাতালের আইসিইউতে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমস।
এর আগে বাংলাদেশের হাইকমিশন জানিয়েছিল, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই ওই ব্যক্তির শ্বাসকষ্ট, কিডনি সমস্যা এবং নিউমোনিয়া ছিল।
এমডব্লিউসির ফেসবুক পোস্টে বলা হয়েছে, 'তার অবস্থা এখনও সংকটাপন্ন; কিন্তু সাম্প্রতিক এই খবরে (সন্তান জন্মের) আমরা উৎসাহিত হয়েছি এবং আবারও সবাইকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।'
পোস্টের সঙ্গে নবজাতকের একটি ছবিও জুড়ে দিয়েছে এমডব্লিউসি। সংগঠনটি আরও জানায়, বাংলাদেশের একটি হাসপাতালে সন্তানের জন্ম দেওয়ার আগে ভিডিও কলে অসুস্থ স্বামীকে দেখেছেন তার স্ত্রী।
প্রায় দশ বছর ধরে সিঙ্গাপুরে কর্মরত এ নারীর স্বামীই ওই দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম বাংলাদেশি। গত ১ ফেব্রুয়ারি ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার কথা জানায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর দেশটিতে আরও চারজন বাংলাদেশি আক্রান্ত হলেও তারা সবাই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
- বিষয় :
- করোনায় আক্রান্ত
- বাংলাদেশি
- সিঙ্গাপুর
