কানাডা থেকে দেশের পথে ১৯৫ প্রবাসী
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানিয়েছেন -সমকাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২০ | ১১:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কানাডার বিভন্ন শহর থেকে ১৯৫ জন বাংলাদেশি নাগরিক ঢাকার উদ্দেশে কানাডা ত্যাগ করেছে। কাতার এয়ার ওয়েজের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নং QR3390) বুধবার রাতে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। দোহায় যাত্রাবিরতি শেষে শুক্রবার ভোরে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় কানাডায় আটকে পড়া ১৯৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলার, রাজনৈতিক, দেওয়ান হোসনে আইয়ুব জানান, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানিয়েছেন। এ সময় টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদও সেখানে উপস্থিত ছিলেন।
হাইকমিশনার কোভিড-১৯ এর কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সরকারের যে চলমান কার্যক্রম তারই ধারাবাহিকতায় কানাডা হতে এ বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয় বলে জানান। এ সময়ে যাত্রীরা স্বজনদের সঙ্গে দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন বলে সন্তোষ প্রকাশ করেছেন।
কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও ছাত্রছাত্রীরা হাইকমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।