ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কানাডায় এন্ড্রু কিশোরের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

কানাডায় এন্ড্রু কিশোরের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
×

এন্ড্রু কিশোর

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ২৩:০০

‘ডাক দিয়াছেন দয়াল আমারে’ মনিরুজ্জামান মনিরের লেখা ও সঙ্গীত পরিচালক আলম খানের সুরে গানটি গেয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। দয়ালের সে ডাকে সাড়া দিয়েই তিনি চলে গেলেন অন্তিম পরপারে।

অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী, সুরের জাদুকর এন্ড্রু কিশোরের মৃত্যুর খবরে কানাডায় শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিল্পীকে নিয়ে বিভিন্নজন সোশ্যাল মিডিয়াতে স্মৃতিরোমন্থন করেছেন। 

দীর্ঘদিন পুরোদস্তুর পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে দুই বাংলায় গান করেছেন এন্ড্রু কিশোর। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রে তিনি ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ ছবিতে প্রথম গেয়েছিলেন ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানটি। চলচ্চিত্রে এটাই ছিল তার প্রথম গান। 

তার মৃত্যুতে কানাডার বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরা শোক প্রকাশ করেছেন। ক্যালগেরির আনন্দধারা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নাজনীন নেওয়াজ বলেন, কিংবদন্তী সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরকে হারিয়ে আমরা শোকাহত। আধুনিক গানে প্রখ্যাত শিল্পী এন্ড্রু কিশোর এক নতুন মাত্রা যুক্ত করেছিলেন। পার্শ্ববর্তী দেশগুলোর শিল্পীদের সাংস্কৃতিক বলয়ে আমরা যখন আবিষ্ট ছিলাম ঠিক সেই সময়টাতেই এই কিংবদন্তীর মোহময় কণ্ঠের টানে আমরা আমাদের নিজেদের গানকে ভালবাসতে শুরু করেছিলাম। এই প্রথিতযশা সঙ্গীত শিল্পীর আত্মার শান্তি কামনা করছি।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির সহ-সভাপতি ও মাউন্ট রয়েল ইউনিভার্সিটির শাস্ত্রীয় সংগীত শিক্ষিকা রীতা কর্মকার বলেন, এন্ড্রু কিশোর শুধু একজন সঙ্গীতশিল্পী নন, তিনি নিজেই একটি সঙ্গীত প্রতিষ্ঠান। তিনি একটি যুগের প্রতিনিধিত্ব করতেন। তার মৃত্যু বাংলাদেশের সঙ্গীতের সেই যুগেরই একটি বড় অংশের প্রস্থানবার্তা। বাংলাদেশের চলচ্চিত্রের গানে তিনি একজন মুকুটহীন সম্রাট, তার গান টিকে থাকবে বহুকাল।

 ‘গানের ভুবন’ মিউজিক অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট অব ক্যালগেরির সভাপতি জয়শ্রী সেন বলেন, চলে গেলেন এক কিংবদন্তী। যিনি জেগে থাকবেন বাংলা গানের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে। 

অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অফ আলবার্টার সভাপতি সুব্রত বৈরাগী বলেন, সুখ-দুঃখ, আনন্দ-বিরহ সব ধরনের গানই তিনি গেয়েছেন। তিনি আমাদের হৃদয়ে থাকবেন।

ক্যালগেরির নাট্য সংগঠন ‘মুক্তবিহঙ্গ’র সভাপতি জাহিদ হক বলেন, দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার আত্মার শান্তি কামনা করছি।

এছাড়াও বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ও সম্পাদক মো. রশিদ রিপন ও জয়ন্ত বসু , আলবার্টা আওয়ামী লীগের সভাপতি ড. জাফর সেলিম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লা রফিক পৃথক পৃথক বিবৃতিতে কালজয়ী এই শিল্পীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আরও পড়ুন

×