নিউইয়র্কে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
‘শেখ কামাল উদ্দীপ্ত তারুণ্যের দূত’ স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন- সমকাল
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ০৪:১৬ | আপডেট: ০৬ আগস্ট ২০২০ | ০৪:৪১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে ‘শেখ কামাল উদ্দীপ্ত তারুণ্যের দূত’ স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
সভাপতির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, প্রয়াত শেখ কামাল ছিলেন বঙ্গবন্ধুর যোগ্য সন্তান। ১৫ আগস্টের ঘাতকরা তাই সবার আগে তাকেই হত্যা করেন। দক্ষ ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল তার কর্মের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের অহঙ্কার হয়ে থাকবেন চিরকাল। তার প্রতিষ্ঠিত আবাহনী ক্রীড়া চক্র বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা এনেছিল।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক সফররত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জুয়েল আহমেদ ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলাইমান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী সদস্য শাহান রহমান, নিউইয়র্ক স্টেট আওয়মী লীগের সহসভাপতি হোসেন রানা, কানেকটিকাট স্টেট আওয়মী লীগ সভাপতি জিহাদুল হক জিয়া ও সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় প্রমুখ।
- বিষয় :
- শেখ কামাল
- জন্মবার্ষিকী উদযাপন
- জাতির জনক