লন্ডনে বিবিসিসিআইয়ের নতুন ডিরেক্টর জহিরুল ইসলাম
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৮ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২০
ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) জহিরুল ইসলাম (সিআইপি)। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে তার এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জহিরুল ইসলাম বিবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের ডিরেক্টর নির্বাচিত হন। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, কৌশলগত ব্যবসায়িক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের জন্য তিনি ব্যবসায়ী মহলে পরিচিত।
এদিকে জহিরুল ইসলামের ডিরেক্টর নির্বাচিত হওয়ার পাশাপাশি এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া (সিআইপি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মোর্তুজাকে বিবিসিসিআইয়ের লাইফটাইম মেম্বার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাপ্টেন গোলাম কিবরিয়া ও গোলাম মোর্তুজার দীর্ঘদিনের অবদান, উদ্যোক্তা হিসেবে নেতৃত্ব এবং আন্তর্জাতিক পরিসরে ব্যবসা সম্প্রসারণে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাদের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে।
জহিরুল ইসলাম বলেন, ‘বিবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের এবং আমাদের প্রতিষ্ঠানের জন্যও এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এ দায়িত্ব বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও সিইওর আজীবন সদস্যপদ লাভ এমএইচ গ্লোবাল গ্রুপের জন্যও গর্বের বিষয়। এটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে।’
বিবিসিসিআই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্ব ও স্বীকৃতির মধ্য দিয়ে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
- বিষয় :
- অর্থনীতি