যুক্তরাষ্ট্রে বীমাবিহীন প্রবাসীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান
প্রিয় বাংলা ফ্রি ক্লিনিকের টিম- সমকাল
ওয়াশিংটন ডিসি প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০০:১৫ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ | ০০:৪৭
ভার্জির্নিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির প্রবাসী বীমাবিহীন বাংলাদেশিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চারজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি টিম এই স্বাস্থ্যসেবা দেন।
স্থানীয় শনিবার ভার্জিনিয়ার অলাভজনক স্বেচ্ছাসেবক সংগঠন প্রিয় বাংলার ফ্রি ক্লিনিকের উদ্যোগে আর্লিংটনের ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চিকিৎসা উপদেশ, প্রেসক্রিপশন, চাকরি ক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা, ওষুধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ট কার্ড, মানসিক ও জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসা সেবা দেওয়া হয়।
প্রিয় বাংলা ফ্রি ক্লিনিকের প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ মাহতাব আহমদের নেতৃত্বে ডা. রাকেশ মাথুর, ডা. আদ্রিতা আশরাফ এবং ডাক্তার কিরাত পরমার এই সেবা দেন।
স্থানীয় বাংলাদেশি আলাউদ্দিন রেস্তোঁরা স্বেচ্ছাসেবকদের দুপুরে খাওয়ান।
এই চিকিৎসা সেবা সর্বজনীন করতে প্রিয় বাংলা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছে। প্রিয় বাংলার এই মেডিকেল টিম গত দুই বছর যাবৎ বছরে কয়েকবার বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। অন্যান্যদের মধ্যে প্রিয় বাংলার মুনা রহমান, নুসরাত জাহান, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম আকাশ, ডেমিয়ান ডিয়াস, পুলি কর্মকার ও প্রিয়লাল কর্মকার এসময় উপস্থিত ছিলেন।