কলকাতায় শুরু বিশ্ব সিলেট উৎসব
সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফিকে বিশ্ব সিলেট উৎসবের সম্মাননা স্মারক দিচ্ছেন প্রদোষ রঞ্জন দে ও রক্তিম দাশ -সমকাল
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ১১:১২
কনকনে শীতের আমেজে দক্ষিণ কলকাতায় শুরু হলো বিশ্ব সিলেট উৎসব। সবার উপস্থিতিতে গ্লোব ঘুরিয়ে এ অনুষ্ঠানের সূচনা করেন ভারতের ছত্তিশগড় রাজ্যের সাবেক রাজ্যপাল শেখর দত্ত, সিলেট শহরের মেয়র আরিফুল হক এবং সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।
মানবতার জয়গানে নিউইয়র্ক, টরন্টোর পর এবার কলকাতায় চলবে তিন দিনব্যাপী সিলেট উৎসব। দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের ২৫ বছরপূর্তি উপলক্ষে যোধপুর পার্ক বয়েজ স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এ উৎসবের। ভারত, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটিরা এ উৎসবে অংশ নেবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ভারতের ছত্তিশগড় রাজ্যের সাবেক রাজ্যপাল শেখর দত্ত ও বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এ ছাড়া দক্ষিণ কলকাতা সিলেট কমিটির সভাপতি প্রদোষ রঞ্জন দে, সিলেটের মেয়র আরিফুল হক, অর্থনীতিবিদ বিবেক দেবরায়, লোকসভার সদস্য মালা রাজদীপ রায়, যুগশঙ্খ পত্রিকার চেয়ারম্যান বিজয়কৃষ্ণ নাথ প্রমুখ এতে অংশ নিচ্ছেন।
উদ্বোধনের পর সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদোষ রঞ্জন দে বলেন, গোটা পৃথিবীতে আমরা মানে সিলেটিরা আছি। সমগ্র ভারতেও ৫০ লাখ ও পশ্চিমবঙ্গে দুই লাখ সিলেটি বসবাস করছি। আমাদের আসল পরিচয় 'আমরা সিলেটি'। এখানেই আমাদের একতা। বিষয়টিকে প্রতীকীভাবে বোঝাতে এবারে প্রদীপ প্রজ্বালন না করে 'কৃত্রিম পৃথিবী ঘুরে' অনুষ্ঠান উদ্বোধনের পরিকল্পনা করি।
এ অনুষ্ঠান দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুলমাঠে তিন দিন ধরে চলবে। উৎসব শেষ হবে আগামীকাল রোববার।
এ উৎসবে সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যাওয়ার শতবর্ষ উপলক্ষে একটি আন্তর্জাতিক আলোচনা সভা, সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিলেটের পণ্য এবং খাদ্যসম্ভার নিয়ে মেলা ও প্রদর্শনী চলছে।
- বিষয় :
- বিশ্ব সিলেট উৎসব
