ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

উদ্যোগ

প্রত্যন্তে মানুষের সেবায় ‘সেবানীড়’

প্রত্যন্তে মানুষের সেবায় ‘সেবানীড়’
×

মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে নতুন জামা বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন সেবানীড় ছবি: সংগ্রহ

মো. হারুন মিয়া

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ০৭:২৮

| প্রিন্ট সংস্করণ

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে ৩০ বারের বেশি রক্ত দিয়েছেন এবং রক্তদাতা খুঁজে দিতে সহযোগিতা করছেন এমন ৬ ব্যক্তি এবং ৪ সংগঠনকে সংবর্ধনা দেয় সেবানীড় ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘ দিন ধরে। ২০২০ সালের ১৩ এপ্রিল করোনার সময় মানুষের অসহায়ত্ব আর আর্তনাদ দেখে তাদের পাশে দাঁড়াতেই সেবানীড়ের পথচলা শুরু। সংগঠনটির প্রতিষ্ঠাতা জোবায়ের হোসাইন প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন এই মানবিক উদ্যোগ। ৬ সদস্য নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করলেও বর্তমানে দাতা সদস্যসহ শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করছেন। স্বেচ্ছাসেবী এবং দাতা সদস্যদের সহযোগিতায় বছরজুড়ে চলে সেবানীড় ফাউন্ডেশনের কার্যক্রম। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে–অসহায় শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান, শিক্ষা উপকরণ প্রদান, মসজিদ-মাদ্রাসায় অর্থসহ পবিত্র কোরআন বিতরণ, বন্যার্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাশিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, বৃক্ষরোপণ, ক্যারিয়ার কাউন্সেলিং ও জ্ঞান, দক্ষতা এবং নৈতিকতার সমন্বয়ে যুব সমাজকে দেশের সম্পদে পরিণত করার আরও বেশ কিছু কর্মসূচি।
সেবানীড় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোবায়ের হোসাইনের কাছে সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতেই আমরা আমাদের স্বেচ্ছাসেবীদের নিয়ে নিরলসভাবে কাজ করছি। আমরা জাতধর্মের তফাৎ না করে সমাজের সকল অসহায় মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞা করেছি। হরিজনপল্লি, রবিদাস সম্প্রদায়ের মানুষের কাছেও আমাদের সেবা এবং ত্রাণসামগ্রী পৌঁছেছে। আমাদের লক্ষ্য, এই সংগঠনের মাধ্যমে মানুষের পাশে থাকা। গৌরীপুর উপজেলার প্রায় ৮০০ মসজিদে আমরা আল কোরআন একাডেমি লন্ডন প্রকাশনীর বাংলা অর্থসহ পবিত্র কোরআন বিতরণের কাজ শুরু করেছি। আগামীতে আমাদের এই সামাজিক ও দাতব্য কাজ সারাদেশে ছড়িয়ে দিতে চাই!’ 

আরও পড়ুন

×