ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিরোধান দিবসে ভারতীয় হাইকমিশনের আয়োজন

সংগীতের মূর্ছনায় লালনসন্ধ্যা

সংগীতের মূর্ছনায়  লালনসন্ধ্যা
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

ফকির লালন সাঁইর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ‘লালনসন্ধ্যা’। গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরের অডিটোরিয়ামে এ আয়োজন ছিল লালন ও তাঁর গানের সদ্য প্রয়াত জনপ্রিয় শিল্পী ফরিদা পারভীনকে নিবেদিত।

অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা উদ্বোধনী ভাষণে ভারত ও বাংলাদেশের মধ্যে চিরন্তন সাংস্কৃতিক ও আত্মিক বন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, লালনের অন্তর্দর্শন জাতীয় সীমারেখা ছাড়িয়ে আজও আমাদের অনুপ্রাণিত করে। তাঁর অন্তর্নিহিত বার্তা ভারতীয় ভক্তি আন্দোলন, সুফিবাদ ও বাউল ঐতিহ্যের মেলবন্ধনের প্রতীক। ফরিদা পারভীনকে স্মরণ করে তিনি বলেন, তাঁর সংগীত ছিল প্রজন্ম ও জাতির সেতুবন্ধন। ভারত ও বাংলাদেশের অসংখ্য উৎসবে তাঁর পরিবেশনা দুই দেশের সাংস্কৃতিক সংযোগকে দৃঢ় করেছে।

লালন বিষয়ে দীর্ঘদিনের গবেষক এবং ‘লালন বিশ্ব সংঘ’র প্রতিষ্ঠাতা লেখক আব্দুল মান্নান লালনের জীবনদর্শন ও তাঁর সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য দেন।  
আয়োজনের শুরুতে ফরিদা পারভীনের প্রতি সংগীতাঞ্জলি নিবেদিত হয়। পরিবেশন করা হয় তাঁর গাওয়া লালনগীতি। এগুলোর কিছু অনুবাদ করেছিলেন ভারতের সাবেক হাইকমিশনার মুচকুন্দ দুবে। ছিল তাঁর স্বামী, একুশে পদকপ্রাপ্ত গাজী আব্দুল হাকিমের বাঁশির পরিবেশনা; সংগীতশিল্পী বিউটির কণ্ঠে একক সংগীত ও তাঁর প্রতিষ্ঠান ‘অচিন পাখি কালচারাল একাডেমি’র শিক্ষার্থীদের সমবেত সংগীত পরিবেশনা।

আরও পড়ুন

×