ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

সংস্কৃতি

ঢাকায় দুই ভিন্নধর্মী শিল্পকর্ম প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ ও গ্যালারি কায়া

ঢাকায় দুই ভিন্নধর্মী শিল্পকর্ম প্রদর্শনী
×

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে তিন তরুণ শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী ‘ত্রিবন্ধন’। স্মৃতি, পরিচয়, প্রকৃতি, মানবিক সংযোগ ও চেনা নগরজীবনের নানা অনুষঙ্গ উঠে এসেছে এই তিন তরুণের ক্যানভাসে। গতকাল শুক্রবার তোলা- সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর দুই শিল্প প্রাঙ্গণে একই সঙ্গে শুরু হয়েছে দুটি ভিন্নধর্মী শিল্পকর্ম প্রদর্শনী। গতকাল শুক্রবার আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী ‘ত্রিবন্ধন’। আর উত্তরার গ্যালারি কায়া তাদের শিল্পযাত্রা উদযাপন করছে ‘২২তম অ্যানিভার্সারি এক্সিবিশন’ শিরোনামে। একটি নবীন শিল্পীদের অনুসন্ধান ও আত্মপ্রকাশের, অন্যটি কয়েক প্রজন্মের শিল্প ঐতিহ্যকে একসূত্রে গাঁথা বৃহৎ শিল্পসমাবেশ। গতকাল আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিতে ত্রিবন্ধনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সাইদুল হক জুইস, রশীদ আমিন ও অধ্যাপক আনিসুজ্জামান আনিস। তিন তরুণ শিল্পী মো. ফারিয়াজ ইমরান, নীহারিকা অহনা বারসাত ও সুরভী আক্তারের চিত্রকর্মের প্রদর্শনী হবে এখানে।

অন্যদিকে গ্যালারি কায়ার প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী শহীদ কবির ও ব্যারিস্টার নিহাদ কবির। গ্যালারি কায়ার এক্সিবিশনে একসঙ্গে স্থান পেয়েছে আব্দুস সাত্তার তৌফিক, শাহাবুদ্দিন আহমেদ, ফরিদা জামান, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, কিংবদন্তি মকবুল ফিদা হুসেন, যোগেন চৌধুরী, কে জি সুব্রামানিয়ান, রামকিঙ্কর বেইজসহ ৪৫ জন শিল্পীর ৭৩টি শিল্পকর্ম। ত্রিবন্ধন প্রদর্শনী চলবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, শেষ হবে ১৭ জুন। গ্যালারি কায়ার ২২তম অ্যানিভার্সারি এক্সিবিশন দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই প্রদর্শনী শেষ হবে ২৬ জুন। 

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। গতকাল সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে ‘অঞ্জলি লহো মোর’ শিরোনামে এ আয়োজনে নজরুলের বিদ্রোহী, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনায় স্নাত হয় পুরো মিলনায়তন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সা
ধারণ সম্পাদক রাশেদ হাসান। আলোচক হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। বক্তারা নজরুলের সাহিত্য ও দর্শনের সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন আবৃত্তি সংগঠন ও শিল্পীরা নজরুলের কবিতা, গান ও ভাবনাশ্রয়ী রচনা পরিবেশন করেন।

শিল্পকলা একাডেমিতে ‘নতুন নাটকের উৎসব’
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গতকাল শুরু হয়েছে আট দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব-২০২৬’। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শুরু হওয়া এ উৎসব চলবে ১৯ জুন পর্যন্ত। 
উৎসবের উদ্বোধনী দিনে কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীকে ঘিরে আয়োজিত হয় সম্মাননা অনুষ্ঠান। জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনীতে প্রধান বক্তা ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা ও স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

আরও পড়ুন

×