আলোর ইশকুলের আয়োজন
গানে গানে মুগ্ধতার সন্ধ্যা
বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে গতকাল মঙ্গলবার গান পরিবেশন করেন শিল্পীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৮:৩০
| প্রিন্ট সংস্করণ
ঢাকার ব্যস্ত নগরজীবনে সন্ধ্যার পর খোলা আকাশের নিচে বসে গান শোনার সুযোগ খুব বেশি আসে না। গতকাল মঙ্গলবার এমনই এক আবহে মুখর হয়ে উঠেছিল বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের দক্ষিণ পাশের ছাদ। ‘আলোর ইশকুল’-এর আয়োজনে সেখানে অনুষ্ঠিত হয় ‘গানে গানে পূর্ণিমা সন্ধ্যা’। এ আয়োজনে গান পরিবেশন করেন সংগীতশিল্পী মাজলিনা রহমান ও তৌকির আহমেদ। কোনো জাঁকজমকপূর্ণ মঞ্চ নয়, বরং আন্তরিক ও ঘরোয়া পরিবেশেই শিল্পী ও শ্রোতাদের মধ্যে তৈরি হয় এক উষ্ণ সংযোগ।
আসরের শুরুতে মাজলিনা রহমান গেয়ে শোনান ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’। গানটির সুর ও কথার সঙ্গে পরিবেশ এমনভাবে মিলে যায় যে উপস্থিত অনেকেই যেন মুহূর্তটির মধ্যে ডুবে যান। মৃদু বাতাস আর গানের আবেশ– সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য অনুভূতি। পরে মাজলিনা রহমান ও তৌকির আহমেদ দ্বৈতভাবে পরিবেশন করেন ‘চাঁদ হেরিছে’, ‘আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি’ এবং ‘মনে হয় হাজার বছর ধরে দেখি না তোমায়’। প্রেম, ভালোবাসা, অপেক্ষা আর স্মৃতির আবহে ভরা এসব গান শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যায় ব্যক্তিগত অনুভূতির ভেতর। অনেককে দেখা যায় গানের সঙ্গে গলা মেলাতে, আবার কেউ কেউ নীরবে উপভোগ করেন সুরের যাত্রা।
তৌকির আহমেদ তাঁর একক পরিবেশনাতেও শ্রোতাদের মুগ্ধ করেন। তিনি গেয়ে শোনান ‘তুমি ভয় পেও না, আমি চাঁদকে বলেছি আজ রাতে’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’ এবং ‘চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর’। পরিচিত এসব গান তাঁর কণ্ঠে নতুন মাত্রা পায়। শ্রোতাদের করতালি ও উচ্ছ্বাসে বারবার প্রাণ ফিরে পায় পুরো আয়োজন। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সংগীত-সন্ধ্যায় গান ও অনুভূতি যেন একাকার হয়ে যায়। কোনো আনুষ্ঠানিকতার ভার নয়; শিল্পী ও শ্রোতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।
- বিষয় :
- সংস্কৃতি
