ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বর্ষার সুরে নৃত্যের ছন্দ

বর্ষার সুরে নৃত্যের ছন্দ
×

ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সংগীত ও নৃত্যের অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার ‘ভোরের আলোয়’ আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৯:০৪

| প্রিন্ট সংস্করণ

মেঘের গর্জন ও বৃষ্টির রিমঝিম সুর মাখা শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের আবহে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘বর্ষামুখর সন্ধ্যা’। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ‘ভোরের আলোয়’ আয়োজিত অনুষ্ঠানে বর্ষাকে ঘিরে সংগীত ও নৃত্যের নানা রূপ ফুটে ওঠে। আয়োজনটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন লিলি ইসলাম। নৃত্য পরিচালনা করেন শিবলী মোহাম্মদ ও তাঁরই শিষ্য স্নাতা শাহরিন।
সমবেত পরিবেশনা ‘আহ্বান আসিল মহোৎসবে’ দিয়ে শুরু হয় আয়োজন। এরপর শিল্পীরা পরিবেশন করেন ‘আজ তালের বনের করতালি’। একক পরিবেশনায় ফারজানা অপরাজিতা তুলে ধরেন ‘চক্ষে আমার তৃষ্ণা’। একের পর এক গানের সঙ্গে মঞ্চে তৈরি হতে থাকে বর্ষার বিচিত্র আবহ। কখনও মেঘের ঘনঘটা, কখনও প্রকৃতির নিভৃত সৌন্দর্য, আবার কখনও বিরহ ও প্রত্যাশার অনুরণন। একে একে পরিবেশিত হয় ‘আজ নবীন মেঘের সুর লেগেছে’, ‘গহন ঘন ছাইল’, ‘আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া’ এবং ‘এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন’।

আরও পরিবেশিত হয় ‘তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি’, ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’, ‘আজি শ্রাবণ ঘন গহন মোহে’, ‘কে দিল আবার আঘাত’, ‘আজি বরিষণ মুখরিত’, ‘মনমোর মেঘের সঙ্গী’, ‘আঁধার অম্বরে প্রচণ্ড ডমরু’ ও ‘আজি বর্ষারাতের শেষে’। এ পর্বে ছিল ‘মরু বিজয়ের কেতন উড়াও’ ও আরও কয়েকটি পরিবেশনা। 
একক পরিবেশনায় অংশ নেন অনুপম কুমার পাল, জেসমিন রোজ, রাকিবুল হাসান রঞ্জু, প্রমীলা রায়, সৌরেন্দ্র বাড়ৈ, মৌমিতা পাল ও সৌরভ শিকদার। আয়োজনে অংশ নেয় ‘গানে গানে আড্ডা’, উত্তরায়ণ, ভোরের আলোয় ও নৃত্যাঞ্চল। পুরো আয়োজনের গ্রন্থনা ও পাঠে ছিলেন অনন্যা সাহা এবং মো. হাফিজুর রহমান।

আরও পড়ুন

×