বর্ষার সঙ্গী রেইনকোট
.
ইসরাত জাহান
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | ০০:৩১ | আপডেট: ৩০ জুলাই ২০২৫ | ১২:০১
বর্ষাকাল বাংলাদেশের প্রকৃতির এক অনন্য রূপের দেখা মেলে। কখনও হালকা ফোঁটা, কখনও আকস্মিক ঝুমবৃষ্টি। এই মৌসুমে প্রস্তুতি ছাড়া বাইরে বের হওয়া মানেই ভেজা কাপড়ে দিন কাটানো। এ সময় রেইনকোট হয়ে ওঠে আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুধুই বৃষ্টির ভেজা থেকে রক্ষা নয়, বরং এখনকার রেইনকোটগুলো স্টাইল, আরাম এবং কার্যকারিতার এক চমৎকার মিশ্রণ। বিশেষ করে শহরের ব্যস্ত মানুষদের কাছে রেইনকোট এখন একটি প্রয়োজনীয় ফ্যাশন অনুষঙ্গ। কর্মজীবী, শিক্ষার্থী থেকে শুরু করে বাইকার বা পথচারী–সবাই খুঁজছেন এমন কোট, যা সহজে বহনযোগ্য, সম্পূর্ণ জলরোধী এবং দেখতে আধুনিক। চলুন জেনে নিই, বর্তমান বাজারে কী ধরনের রেইনকোট পাওয়া যাচ্ছে, এগুলোর দরদাম।
কোন কোন রেইনকোট জনপ্রিয়-পিভিসি রেইনকোট
এ ধরনের কোট সম্পূর্ণ জলরোধী এবং দামেও তুলনামূলক কম। সাধারণত এই কোটের সঙ্গে প্যান্টও থাকে। ভেজা হাওয়া প্রতিরোধে ভালো কাজ করে বলে বাইকার বা রিকশাচালকদের মধ্যে বেশ জনপ্রিয়।
রেইন স্যুট
সম্পূর্ণ শরীর সুরক্ষার জন্য জ্যাকেট এবং প্যান্ট সমন্বয়ে তৈরি এই রেইনকোট, যা বৃষ্টিতে ভিজে যে কোনো কাজের জন্য উপযুক্ত। মোটরসাইকেল চালানো, মাছ ধরা বা নির্মাণকাজের জন্য রেইন স্যুট ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
পলিয়েস্টার ও নাইলনের হালকা কোট
নরম, হালকা ও ফোল্ড করে ব্যাগে রাখা যায় বলে যারা কর্মস্থলে যান বা শিক্ষার্থীদের মধ্যে এগুলো বেশি পছন্দের। স্টাইলিশ ট্রেঞ্চ কোট ডিজাইনেও এখন বাজারে এসব পাওয়া যাচ্ছে।
রেইন জ্যাকেট
দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত এই রেইন জ্যাকেট আপনার বুক এবং বাহুকে ঢেকে রাখে। এই রেইন জ্যাকেট বিভিন্ন স্টাইলের পাওয়া যায়, হালকা ওজনের শেল জ্যাকেট থেকে শুরু করে ইনসুলেটেড জ্যাকেট পর্যন্ত।
পনচো রেইনকোট
পনচো হালকা, আরামদায়ক এবং ঢিলেঢালা এবং খুবই জনপ্রিয়। এগুলো সস্তা, সহজে বহনযোগ্য। হালকা বৃষ্টির জন্য পনচো সবচেয়ে উপযোগী।
বাচ্চাদের রেইনকোট
কার্টুন প্রিন্ট, রঙিন ডিজাইন, হুডসহ ছোটদের জন্য আকর্ষণীয় রেইনকোট এখন শহরজুড়ে সহজলভ্য।
ফুল কভারেজ রেইনকোট
ফুল কভারেজ দেওয়া এই রেইনকোট ভারী বৃষ্টির জন্য কার্যকরী। যারা দীর্ঘ সময় ধরে বৃষ্টির সংস্পর্শে থাকেন তারা সাধারণত এই রেইনকোট পছন্দ করেন।
দাম কেমন
রেইনকোটের দাম নির্ভর করে উপাদান, ডিজাইন ও ব্র্যান্ডের ওপর। সাধারণভাবে পিভিসি বা হালকা রেইনকোটের দাম শুরু হয় ৫০০ টাকার আশপাশ থেকে। মাঝারি মানের একটি রেইন স্যুটের দাম ৭০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হতে পারে। ব্র্যান্ডেড বা প্রিমিয়াম ট্রেঞ্চ কোট ধরনের রেইনকোটগুলোর দাম ১৫০০ টাকা পর্যন্ত হয়। শিশুদের রেইনকোটের দাম সাধারণত ৪৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাইকারদের জন্য একটু উন্নত বা মধ্যম মানের রেইনকোট, যেগুলোতে রিফ্লেক্টিভ স্ট্রিপ, হুড এবং সিলড সেলাই থাকে, সেগুলোর দাম ১,৫০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে পড়ে। ভালোমানের প্রিমিয়াম রেইনকোট, যেমন মটো উলফ বা গিয়ারেক্স ব্র্যান্ডের পণ্য, যেগুলো স্টর্ম রেজিস্ট্যান্ট, ডাবল লেয়ার এবং অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকে, সেগুলোর দাম পড়ে প্রায় ৩,০০০ থেকে ৪,৫০০ টাকার মতো।
কোথায় পাবেন
বর্তমানে দারাজ, রকমারি, অথবা স্মার্টডিল ইত্যাদি ই-কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ও দামের রেইনকোট পাওয়া যায়। আপনি যদি ঢাকায় বসবাস করেন তাহলে দোকানে গিয়ে মনমতো ডিজাইনের রেইনকোট কিনতে পারেন। চকবাজার, নিউমার্কেট, চাঁদনী চক, মিরপুর ১ নম্বর, উত্তরা, গুলিস্তান ও মোহাম্মদপুরে অনেক দোকানে এই মৌসুমে রেইনকোটের স্টক থাকে। এসব জায়গায় হ্যান্ড ট্রলি দোকানে বা ফুটপাতের সাময়িক দোকানেও ভালো মানের রেইনকোট ৫০০-৮০০ টাকায় পাওয়া যায়। বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কের লাইফস্টাইল শপ যেমন–এক্সাসি, ইয়োলোতেও ট্রেন্ডি রেইনকোট পাওয়া যায়। যদিও সেগুলোর দাম তুলনামূলক বেশি।
যেভাবে যত্ন নেবেন
ভেজা কাপড় দিয়ে মুছে এটি নিয়মিত পরিষ্কার রাখবেন। রেইনকোট ধোয়ার জন্য রাসায়নিক দ্রাবক বা ব্লিচ ব্যবহার করবেন না–এটি জলরোধী আবরণ এমনকি কাপড়কেও নষ্ট করে দিতে পারে। রেইনকোট ভেজার পরে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। রেইনকোটের মান বজায় রাখার জন্য রেইন জ্যাকেটটি সরাসরি সূর্যের আলো থেকে দূরে, ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখুন।
- বিষয় :
- বর্ষা
