চুলের যত্নে কী খাবেন
মডেল : শিরিন শিলা ছবি : মঞ্জু আলম
ইসরাত জাহান ইফাত
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫ | ০০:৪২
চুল পড়া নিয়ে অনেকেই হতাশায় ভোগেন। অনেকেরই হয়তো জানা নেই প্রাকৃতিক খাদ্য ও সঠিক ডায়েট রেমিডির মাধ্যমে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজানো সম্ভব।
চুল মূলত তৈরি হয় কেরাটিন নামক একটি প্রোটিন দিয়ে। এর গঠন, বৃদ্ধি ও স্থায়িত্ব নির্ভর করে আপনার দৈনন্দিন খাবারের পুষ্টিগুণের ওপর। এমন কিছু ডায়েট রেমিডি ও খাদ্যতালিকা আছে, যা চুলের জন্য প্রাকৃতিক টনিকের মতো কাজ করে।
চুল পড়ার পেছনে খাদ্য ও পুষ্টি সম্পর্কিত কারণ–
অপূর্ণ পুষ্টি
আয়রন, জিঙ্ক, বায়োটিনের ঘাটতি
ওমেগা-৩-এর অভাব
অতিরিক্ত শর্করা ও প্রসেসড ফুড
ক্রাশ ডায়েট বা মাত্রাতিরিক্ত ক্যালরি ডেফিসিট ডায়েট
ডায়েট রেমিডি ১: হেয়ার বুস্টিং সকালের নাশতা
একটি সেদ্ধ ডিম, সঙ্গে এক কাপ ওটস, এক চামচ চিয়া সিড, এক গ্লাস দুধ বা সয়ামিল্ক, ৫-৬টি ভেজানো বাদাম, একটি কলা বা দু-একটি পাকা পেঁপে।
পুষ্টিগুণ: বায়োটিন, প্রোটিন, ওমেগা-৩, জিঙ্ক, ফাইবার চুলের গঠন মজবুত করে, স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায়।
বিশেষ টিপস: চুলের জন্য প্রতিদিন অন্তত ১৫ গ্রাম বায়োটিন দরকার; যা আপনি ডিমের কুসুম, বাদাম ও ওটস থেকে পেতে পারেন।
ডায়েট রেমিডি ২: আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ দুপুরের খাবার
লাল চালের ভাত বা মিক্সড গ্রেইন রুটি
পালংশাক, কলমিশাক, ধনেপাতা দিয়ে মসুর ডাল, এক টুকরা চর্বিহীন মাছ (রুই, তেলাপিয়া, স্যালমন), ১ কাপ সবজি (গাজর, বিট, শসা, টমেটো), এক গ্লাস লেবুপানি।
পুষ্টিগুণ: আয়রন, ফোলেট, জিঙ্ক, ভিটামিন সি, আয়রন ভিটামিন সি-এর সঙ্গে খেলে শোষণ ক্ষমতা বাড়ে। ফলে চুলে অক্সিজেন সরবরাহ ভালো হয়।
বিশেষ টিপস: পুষ্টি গবেষণা অনুযায়ী, চুল পড়ার অন্যতম কারণ হলো লুকানো আয়রন ঘাটতি। শাকসবজি ও প্রাণিজ উৎসের আয়রন মিলে এ ঘাটতি পূরণ হয়।
ডায়েট রেমিডি ৩: বিকেলের নাশতা হোক চুলবান্ধব
এক বাটি মিক্সড স্ন্যাকস: (মুড়ি সেদ্ধ বা ভেজানো ছোলার সঙ্গে সেদ্ধ ডিমের টুকরা), এক গ্লাস আমলকী, বেল, লেবু শরবত, এক চামচ তিল ও সূর্যমুখী বীজ।
পুষ্টিগুণ: প্রোটিন, বায়োটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, চুলের ফলিকল পুনরায় সক্রিয় করতে সহায়ক।
বিশেষ টিপস: প্রতিদিন অন্তত ১০০ গ্রাম বীজজাত খাবার যেমন–কুমড়ার বীজ, তিসির বীজ খেলে চুলে সেলেনিয়াম ও ওমেগা-৩-এর অভাব কমে।
ডায়েট রেমিডি ৪: হালকা ও হেয়ার-ফ্রেন্ডলি রাতের খাবার
এক কাপ দুধের সঙ্গে হলুদ ও বাদাম পেস্ট, এক বাটি ভেজানো ছোলা, লাল লেন্টিল সালাদ, একটি গাজর, একটি মিষ্টি আলু সেদ্ধ।
পুষ্টিগুণ: বেটা-ক্যারোটিন, ক্যালসিয়াম, প্রোটিন রাতের ঘুমের সময় চুলের কোষ পুনর্গঠন হয়। তাই হালকা ও পুষ্টিকর খাবার জরুরি।
বিশেষ টিপস: ভিটামিন-এ (গাজর, মিষ্টি আলু) চুলের গোড়া মজবুত করে।
ডায়েট রেমিডি ৫: হেয়ার রিভাইভিং ড্রিংকস (প্রতিদিন সকাল বা সন্ধ্যায়)
আমলকী ও তুলসী পাতার শরবত
ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চুল পড়া কমায়, চুলে চকচকে ভাব আনে।
মেথি ভেজানো পানি (এক চামচ রাতে ভিজিয়ে রেখে সকালে বয়েল করে খালি পেটে খাওয়া), চুল পাতলা হয়ে যাওয়া কমায়।
কোলাজেন বুস্টার স্মুদি (পেঁপে, কমলা, চিয়া সিড)
কোলাজেন চুলের স্থায়িত্ব বাড়ায়
শরীরকে দিন ভেতরের পুষ্টি (খাদ্য) বাহ্যিক যত্ন (হেয়ার কেয়ার প্রোডাক্টস)
চুলের জন্য ক্ষতিকর খাদ্য এড়িয়ে চলুন
অতিরিক্ত চিনি ও কোমল পানীয়, অতিরিক্ত কফি বা ক্যাফেইন, প্রসেসড প্যাকেট খাবার, ভাজা ও তেলে ভাসা খাবার। এ খাবারগুলো শরীরে ইনফ্লেমেশন বাড়িয়ে দেয় এবং শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর ফলে চুল পড়া বাড়ায় ও নতুন চুল গজাতে বাধা দেয়।
জীবনধারা ও মানসিক স্বাস্থ্যের ভূমিকা
চুল পড়ার অন্যতম গোপন শত্রু হলো মানসিক চাপ। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি, যোগব্যায়াম বা মেডিটেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চুল পড়ার সমাধান প্রতিদিনের পুষ্টিকর খাবারে লুকিয়ে আছে। যথাযথ পুষ্টি, সময়মতো খাবার, পর্যাপ্ত ঘুম ও স্ট্রেসমুক্ত জীবনধারাই পারে চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে।
লেখক: সিনিয়র ক্লিনিক্যাল পুষ্টিবিদ, বায়োজিন কসমোসিউটিক্যালস, লং লাইফ হাসপাতাল, ঢাকা।
- বিষয় :
- চুল
- চুলের যত্ন
