ঘরেই বানান নেইল পলিশ
ইসরাত জাহান
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৭:১৬
| প্রিন্ট সংস্করণ
সাজগোজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সুন্দর করে নখ রাঙানো। অনেক সময় আমরা ঠিক যে শেড চাই, তা বাজারে খুঁজে পাওয়া যায় না। আবার অনেক নেইল পলিশে থাকা কেমিক্যাল নখের জন্য ক্ষতিকরও হতে পারে। বর্তমানে বিউটি ট্রেন্ডের মধ্যে ঘরে তৈরি নেইল পলিশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরে বসেই নিজের পছন্দমতো নেইল পলিশ তৈরি করা যায়। এটি যেমন সাশ্রয়ী, তেমনি নিজের মতো করে রং ও ডিজাইন করার সুযোগ থাকে।
যা যা লাগবে
নিজের পছন্দের আইশ্যাডো পাউডার বা সলিড সুবিধা অনুযায়ী আপনি বেছে নিতে পারেন একটি ক্লিয়ার নেইল পলিশ, ছোট ফানেল চাইলপ (এটা সহজে কাগজ দিয়ে বানিয়ে নেওয়া যায়), প্লাস্টিক ব্যাগ, গুঁড়ো করার জন্য ভারী কিছু, আর চাইলে মিক্সিং সহজ করতে কোনো পাত্র।
বানানোর পদ্ধতি
প্রথমেই ঠিক করে নিন আপনি কোন রঙের নেইল পলিশ বানাতে চান। সেই অনুযায়ী একটি আইশ্যাডো বেছে নিন। যদি সেটি আগে থেকেই পাউডার হয়, তাহলে সরাসরি ব্যবহার করা যাবে। যদি শক্ত ব্লকের মতো হয়, তাহলে সেটিকে প্লাস্টিক ব্যাগে নিয়ে ধীরে ধীরে চাপ দিয়ে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করার সময় খেয়াল রাখবেন যেন কোনো দানা না থাকে। কারণ দানা থাকলে নেইল পলিশ লাগানোর সময় তা নখে সমানভাবে বসবে না এবং দেখতে খারাপ লাগবে।
এরপর একটি ক্লিয়ার নেইল পলিশের বোতল নিন। বোতলটি যদি পুরো ভরা থাকে, তাহলে সামান্য জায়গা খালি করে নিন। এবার ফানেলের সাহায্যে গুঁড়ো আইশ্যাডো বোতলের মধ্যে ঢালুন।
সব উপকরণ ঢালার পর বোতলটি শক্ত করে বন্ধ করে ভালোভাবে ঝাঁকাতে থাকুন। এতে রং ধীরে ধীরে মিশে যাবে। যদি স্টিল বল ব্যবহার করেন, তাহলে মিশ্রণটি আরও দ্রুত এবং মসৃণভাবে তৈরি হবে। কিছুক্ষণ ঝাঁকানোর পর আপনি দেখতে পাবেন একটি নতুন শেড তৈরি হয়ে গেছে।
ভিন্নতা
এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে মজার দিক হলো, আপনি একদম নিজের মতো করে রং তৈরি করতে পারবেন। চাইলে দুই বা তিনটি আইশ্যাডো মিশিয়ে নতুন শেড তৈরি করতে পারেন। একটু একটু করে রং যোগ করলে সঠিক শেড পাওয়া সহজ হয়। যদি ক্লিয়ার নেইল পলিশ না থাকে, তাহলে চিন্তার কিছু নেই। আপনি চাইলে দুটি আলাদা রঙের নেইল পলিশ একসঙ্গে মিশিয়ে নতুন রং তৈরি করতে পারেন। যেমন নীলের সঙ্গে হলুদ মিশিয়ে সবুজ বা লালের সঙ্গে সাদা মিশিয়ে পিঙ্ক তৈরি করা যায়। শুধু আইশ্যাডো নয়, চাইলে গ্লিটারও যোগ করতে পারেন। এতে নেইল পলিশে ঝিলমিল ভাব আসবে, যা বিশেষ অনুষ্ঠান বা পার্টির জন্য একদম পারফেক্ট।
প্রাকৃতিক বিকল্প
যারা একটু ন্যাচারাল কিছু ব্যবহার করতে চান, তারা রান্নাঘরের কিছু উপকরণ দিয়েও হালকা রং তৈরি করতে পারেন। যেমন বিটরুট থেকে লাল আভা, হলুদ থেকে হালকা হলুদ রং পাওয়া যায়। গোলাপ ফুলের রস নিয়ে তাও মিক্স করতে পারেন। তবে এগুলো খুব বেশি দিন থাকে না, দ্রুত উঠে যায়।
ব্যবহার করবেন যেভাবে
নেইল পলিশ লাগানোর আগে নখ পরিষ্কার ও শুকনো রাখা খুব জরুরি। এতে রং ভালোভাবে বসে এবং দীর্ঘ সময় টিকে থাকে। ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ভেতরে থাকা উপাদানগুলো ভালোভাবে মিশে যায়। ব্যবহারের পর বোতল ভালোভাবে বন্ধ করে রাখুন। ঠান্ডা ও শুকনো জায়গায় রাখলে নেইল পলিশের মান ঠিক থাকবে।
ঘরে তৈরি নেইল পলিশ শুধু খরচ বাঁচানোর উপায় নয়, এটি আপনার সৃজনশীলতা প্রকাশ করার একটি দারুণ মাধ্যম। খুব সহজ উপকরণ দিয়ে নিজের পছন্দমতো রং তৈরি করা যায়, যা আপনাকে আলাদা একটি লুক দেবে। নিয়ম মেনে বানালে এবং ব্যবহার করলে এটি হতে পারে নিরাপদ ও সুন্দর বিউটি এক্সপেরিমেন্ট।
তথ্যসূত্র: অ্যা বিউটিফুল মেস, দ্য লিস্ট
- বিষয় :
- ফ্যাশন
