নখের সাজে নতুন মাত্রা
সুরাইয়া হেনা
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩১
| প্রিন্ট সংস্করণ
সাজগোজে নখের সৌন্দর্য এখন আর শুধু নেইলপলিশের রঙে সীমাবদ্ধ নেই। হাতকে আরও পরিপাটি ও আকর্ষণীয় দেখাতে অনেকে বেছে নিচ্ছেন নেইল এক্সটেনশন। বিশেষ করে বিয়ে, পার্টি, অনুষ্ঠান কিংবা ফ্যাশন ফটোশুটে এর জনপ্রিয়তা বাড়ছে। আবার কোনো বিশেষ উপলক্ষ ছাড়াও নিজের সাজে নতুন মাত্রা যোগ করতে নিয়মিত নেইল এক্সটেনশন করাচ্ছেন অনেকে।
তবে নেইল এক্সটেনশন আসলে কী, কীভাবে করা হয়, কী ধরনের নেইল এক্সটেনশন রয়েছে, খরচ কেমন এবং এর যত্ন ও সম্ভাব্য ঝুঁকি কী–এসব বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
নেইল এক্সটেনশন আসলে কী?
নেইল এক্সটেনশন মূলত প্রাকৃতিক নখের দৈর্ঘ্য ও আকৃতি বাড়ানোর একটি প্রসাধনী পদ্ধতি। এতে কৃত্রিম উপাদান ব্যবহার করে নখকে পছন্দমতো লম্বা ও আকৃতিবিশিষ্ট করা হয়। পরে প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় রং, নেইল আর্ট বা বিভিন্ন ধরনের নকশা।
অ্যাক্রিলিক, হার্ড জেল, পলিজেল, ডিপ পাউডার, প্রেস-অন এক্সটেনশনসহ বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত রয়েছে। এর মধ্যে অ্যাক্রিলিক নেইল এক্সটেনশন বহুল ব্যবহৃত ও তুলনামূলক জনপ্রিয় একটি পদ্ধতি। কারও নখ ছোট বা সহজে ভেঙে গেলে যেমন এ পদ্ধতি বেছে নেওয়া হয়, তেমনি অনেকে শুধুই নখের সৌন্দর্য ও আকৃতি পরিবর্তনের জন্যও এক্সটেনশন করান।
কোথায় করাতে পারবেন?
নেইল এক্সটেনশন সাধারণত বিউটি পার্লার, নেইল স্টুডিও বা প্রশিক্ষিত নেইল টেকনিশিয়ানের কাছ থেকে করানো হয়। বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষায়িত নেইল স্টুডিওর পাশাপাশি অনেক বিউটি পার্লারেও এই সেবা পাওয়া যায়। বনানী, গুলশান, ধানমন্ডি, মিরপুর, খিলগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে এ ধরনের সেবা। এর মধ্যে নেইল স্যালনের জন্য বনানীর তিশা’স নেইল অ্যান্ড আইল্যাশ এক্সটেনশন, ধানমন্ডির নেইল ক্রাফটস বাই নাজনীন, বসুন্ধরা আবাসিক এলাকার নেইলস বাই সামিয়া, গুলশানের নেইল ইট স্টাইল উল্লেখযোগ্য। তবে জনপ্রিয়তা ও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বর্তমানে ঢাকার বাইরেও বিভিন্ন বিউটি পার্লার ও স্যালনে যুক্ত হচ্ছে নেইল এক্সটেনশনের সেবা।
খরচ কেমন?
নেইল এক্সটেনশনের খরচ নির্ভর করে এক্সটেনশনের ধরন, ব্যবহৃত উপকরণ, নখের দৈর্ঘ্য, ডিজাইন এবং প্রতিষ্ঠানের ওপর। সাধারণ ডিজাইনের ক্ষেত্রে খরচ তুলনামূলক কম হলেও জটিল নেইল আর্ট, বেশি দৈর্ঘ্য, প্রিমিয়াম উপকরণ বা বিশেষ ধরনের এক্সটেনশনে খরচ বাড়তে পারে। বাংলাদেশে সাধারণভাবে এক থেকে পাঁচ হাজার টাকা বা তারও বেশি খরচ হতে পারে।
তবে শুধু একবারের খরচ হিসাব করলেই হবে না। প্রাকৃতিক নখ বড় হওয়ার সঙ্গে সঙ্গে এক্সটেনশনের গোড়ায় ফাঁকা জায়গা তৈরি হয়। তাই কয়েক সপ্তাহ পরপর রিফিল বা মেইনটেন্যান্সের প্রয়োজন হতে পারে; যার জন্য আলাদা খরচ লাগতে পারে।
যেসব বিষয়ে খেয়াল রাখবেন
নখে কোনো সংক্রমণ, ক্ষত বা অস্বাভাবিকতা থাকলে আগে সেটির সমাধান করা উচিত।
ব্যবহৃত যন্ত্রপাতি সঠিকভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হচ্ছে কিনা, দেখে নিন।
নিম্নমানের আঠা বা রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া জরুরি।
অস্বাভাবিক কম দামের পরিবর্তে পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য সেবাকে অগ্রাধিকার দিন।
আগে কোনো আঠা, নেইল প্রোডাক্ট বা প্রসাধনী উপাদানে অ্যালার্জির অভিজ্ঞতা থাকলে টেকনিশিয়ানকে তা জানান।
নিজের নখের অবস্থা অনুযায়ী কোন ধরনের এক্সটেনশন উপযোগী, তা আগে জেনে নিন।
- বিষয় :
- ফ্যাশন