কোন পোশাকে কেমন ব্যাগ
আফরিনা আক্তার
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৭:১৭
| প্রিন্ট সংস্করণ
নারীর সাজের অনুষঙ্গ হিসেবে ব্যাগের ব্যবহার নতুন নয়। একসময় ব্যাগ ছিল প্রয়োজনীয় জিনিসপত্র বহনের মাধ্যম। তবে সময়ের সঙ্গে এটি প্রয়োজনীয়তার সীমা ছাড়িয়ে ফ্যাশনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। শহুরে জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ডিজাইন, আকার ও রঙের ব্যাগ এখন সহজলভ্য। ব্যবহারিক দিক থেকে একটি হ্যান্ডব্যাগ যেমন প্রয়োজনীয় জিনিস বহনে সহায়তা করে, তেমনি এটি একজনের রুচি ও ব্যক্তিত্বেরও প্রতিফলন ঘটায়। তাই পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ না থাকলে পুরো সাজই অগোছালো মনে হতে পারে।
পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ
শাড়ির সঙ্গে ক্লাচ ও বটুয়া ব্যাগ: অনেকেই বাহারি ডিজাইনের শাড়ি পরতে ভালোবাসেন। তবে শাড়ির তালিকায় থাকা জামদানি, মসলিন, কাতান ও সিল্কের চাহিদা তুলনামূলক বেশি। এ ধরনের শাড়ির সঙ্গে ছোট আকারের ক্লাচ ব্যাগ বেশ মানানসই। আয়তাকার গঠনের এ ধরনের ব্যাগে স্টোন, জরি, রেশমি সুতা, পুঁতি, সিকুইন বা পার্লের কাজ করা থাকে। ভারী কাজের শাড়ির সঙ্গে সিম্পল ক্লাচ ব্যাগ মানানসই। আবার কোনো হালকা শাড়ির সঙ্গে পুঁতি বা এমব্রয়ডারির কাজ করা বটুয়া ব্যাগ বেশ মানানসই। জমকালো আয়োজন বা রিসেপশন অনুষ্ঠানে এ ধরনের ব্যাগ আপনার সাজসজ্জায় মুগ্ধতা এনে দিতে পারে। বাজারে বিভিন্ন ডিজাইনের ক্লাচ ব্যাগ এক হাজার ৫০০ থেকে শুরু করে চার হাজার টাকা এবং বটুয়া ব্যাগ ৮০০ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায়।
ক্যাজুয়াল বা ফিউশন স্টাইলে মেসেঞ্জার ও মিনি ব্যাগ: সাধারণত জিন্স-টপস বা স্কার্টের মতো ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মেসেঞ্জার ব্যাগ মানানসই। দামের দিক থেকে এ ধরনের ব্যাগ এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। এ ছাড়া মাইক্রো বা মিনি ব্যাগের চাহিদা অনেক বেশি। এসব ব্যাগের জায়গা কম হলেও ফ্যাশন ট্রেন্ডে এর জনপ্রিয়তা অনেক। ক্যাজুয়াল আউটফিটের সঙ্গে মিনি ব্যাগ স্টাইলিশ লুক এনে দেয়। এর দাম এক হাজার ২০০ থেকে তিন হাজার টাকার মধ্যে।
সালোয়ার-কামিজ ও কুর্তির সঙ্গে স্লিং ও বাকেট ব্যাগ: ভ্রমণ বা ঘোরাঘুরির জন্য স্লিং বা ক্রস-বডি ব্যাগ বেশ আরামদায়ক। সালোয়ার-কামিজ বা থ্রিপিসের মতো আরামদায়ক পোশাকের সঙ্গে এ ধরনের ব্যাগ বেশ মানানসই। লম্বা স্ট্র্যাপ থাকায় এটি কাঁধে বা ক্রস-বডি করে নেওয়া যায়। সফট লেদার, ফক্স লেদার বা ক্যানভাসের স্লিং ব্যাগ এখন বিভিন্ন ডিজাইনে পাওয়া যায়। দামের ক্ষেত্রে সাধারণত স্লিং ব্যাগ ৮০০ থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আবার সাদামাটা বা হালকা ডিজাইনের কুর্তি বা থ্রিপিসের সঙ্গে ছোট আকারের বাকেট ব্যাগের চাহিদা রয়েছে। এ ধরনের ব্যাগের দাম এক হাজার ২০০ থেকে তিন হাজার টাকার মধ্যে।
লেহেঙ্গা ও গাউনের সঙ্গে স্টেটমেন্ট ক্লাচ ব্যাগ: গ্ল্যামারাস লুকের জন্য লেহেঙ্গা বা ফ্লোর লেন্থ গাউনের সঙ্গে স্টোন ওয়ার্ক বা পার্ল ডিটেইলসযুক্ত স্টেটমেন্ট ক্লাচ ব্যাগ সবচেয়ে মানানসই। এ ধরনের ব্যাগ সাধারণত পার্টি সিকুইন বা বিভিন্ন অলংকরণে তৈরি করা হয়। এর নকশা সহজেই নজর কাড়ে। ভারী কাজের লেহেঙ্গা বা গাউনের সঙ্গে সিম্পল রঙের স্টেটমেন্ট ক্লাচ নিলে লুকের ভারসাম্য বজায় থাকে। আবার সাদামাটা গাউন বা লেহেঙ্গার সঙ্গে একটু ভারী কাজ করা স্টেটমেন্ট ক্লাচ সাজের সামঞ্জস্য বজায় রাখে। দামের ক্ষেত্রে এ ধরনের ব্যাগ সাধারণত এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকার মধ্যে পাওয়া যায়। তবে ভারী কাজ বা ব্র্যান্ডের হলে এর দাম কিছুটা বেশি হতে পারে।
ছবি সৌজন্য: ট্যান
- বিষয় :
- ব্যাগের দাম
