ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন বেলায় ঈদের সাজ

তিন বেলায় ঈদের সাজ
×

হালকা মেকআপে সকালের সাজে স্নিগ্ধতা ফুটে ওঠে

শিরিন আক্তার

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৭:২৬

| প্রিন্ট সংস্করণ

ঈদের সাজপোশাক ঘিরে সবারই কিছু কিছু পরিকল্পনা থাকে। নতুন পোশাকের সঙ্গে কীভাবে সাজলে তা মানানসই হবে তা নিয়েও পরিকল্পনা করেন কেউ কেউ। তবে রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদের প্রস্তুতি কিছুটা ভিন্ন হয়। এই ঈদে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত কোরবানির মাংস গুছিয়ে ফ্রিজে রাখা, বিলানো এবং অতিথিদের আপ্যায়নের কাজে ব্যস্ত থাকতে হয়। আবার সাংসারিক নানা কাজেও সাহায্য করতে হয়। তার ওপর কখনও প্রচণ্ড গরম, আবার হঠাৎ বৃষ্টি–সব মিলিয়ে ভারী মেকআপ বা অস্বস্তিকর সাজ একদমই মানায় না। এই ঈদে মেকআপ আর পোশাক হওয়া দরকার ঘরোয়া এবং আরামদায়ক। গরম আর বৃষ্টির মধ্যে ঈদে আপনার মেকআপ কেমন হবে–তা নিয়ে পরামর্শ দিয়েছেন জারা’স বিউটি লাউঞ্জের বিউটি কনসালট্যান্ট অ্যান্ড সিইও ফারহানা রুমি। 

সকালের সাজে স্নিগ্ধতা
সকালে কোরবানি নিয়ে ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে। তাই সাজ হওয়া উচিত একদম মিনিমাল ও ওয়াটারপ্রুফ। মেকআপের প্রথম স্টেপ ময়েশ্চারাইজার দিতে হবে একটু ভালো মানের। তারপর একটি ভালো প্রাইমার দিতে হবে। 
মেকআপকে সহজাত বা স্বাভাবিক রাখতে ফাউন্ডেশনের বদলে একদম হালকা বিবি ক্রিম বা টিন্টেড সানস্ক্রিনসহ কমপ্যাক্ট দিয়ে সেট করে নিতে পারেন। এতে এই গরমে ভারী কোনো লেয়ার হবে না, বরং সহজাত একটা বেইজ তৈরি হবে। ব্রাউন কোনো ট্রানজেশন শেড ব্যবহার করতে পারেন একদম হালকা করে। ওয়াটারপ্রুফ কাজল ও মাশকারা ব্যবহার করলে একটা সতেজ লুক দেবে। ঠোঁটে ন্যুড বা পিচ কালার লিপস্টিক লাগালে মেকআপ স্বাভাবিক লাগবে। সব শেষে একটা ভালো মানের সেটিং স্প্রে ব্যবহার করে নিতে হবে।  

বিকেলের সাজে উৎসবের ছোঁয়া
কোরবানি ঈদে রান্না সারতে সারতে একটু দুপুর গড়িয়ে যায়। এ সময় বাড়িতে অতিথি আসা-যাওয়া, আড্ডা ও ফ্যামিলি গেট টুগেদার থাকে। তাই সাজে চাই একটু উৎসবের ছোঁয়া, কিন্তু অতিরিক্ত ভারী নয়। এখন বাইরে গরম, কখনও আবার বৃষ্টি। তাই মেকআপের ক্ষেত্রে ডিউই বেইজের বদলে ম্যাট বেইজ ভালো। সে ক্ষেত্রে ভালো মানের একটা বিবি ক্রিম অথবা টিনটেড ফাউন্ডেশন লাগিয়ে পাতলা একটি বেইজ তৈরি করতে পারেন। তারপর কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে দিলেই বেইজটা খুব সুন্দরভাবে বসবে। মেকআপ একটু উজ্জ্বল করতে হালকা ব্লাশ ও সফট হাইলাইটার ব্যবহার করতে পারেন। ব্রাউন বা ব্রোঞ্জ আইলুক কিংবা হালকা সফট পিচ কালার চোখের লিডে ব্যবহার করতে পারেন। এতে চেহারায় একটা সুন্দর লুক তৈরি করবে। এখন হালকা কাজল কিংবা চিকন করে আই লাইনার টেনে নিলেই চোখের সাজ সম্পূর্ণ হবে। লিপস্টিকের ক্ষেত্রে সকালের মতোই হালকা কোনো ব্রাউন ন্যুড, পিঙ্ক ন্যুড রং নির্বাচন করতে পারেন। 

জমকালো সাজে রাত
রাতের দাওয়াত, ঘোরাঘুরি বা ফ্যামিলি ফটোসেশনের জন্য সাজে আনতে পারেন একটু জমকালো ভাব। মেকআপের ক্ষেত্রে সফট গ্ল্যাম মেকআপ করতে পারেন। সে ক্ষেত্রে মুখে আগে ভালো একটা প্রাইমার দিন। এরপর ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। রাতে একটু ভারী বেইজের জন্য একটা বিল্ডঅ্যাবল ফাউন্ডেশন ব্যবহার করুন। সকাল কিংবা দুপুরের লুকের চেয়ে বেইজ একটু ভারী করতে হবে। স্মোকি আইসের বদলে এখন শিমারি আইলুক বেশ ট্রেন্ডিংয়ে আছে। পোশাকের সঙ্গে মিল রেখে চোখে আইশেডো ব্যবহার করতে পারেন। তার আগে কালারগুলো আই লিডে খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। তারপর চাইলে টানা করে ড্রামাটিক আইলাইনার কিংবা কাজল ব্যবহার করতে পারেন। সঙ্গে মাশকারা ব্যবহার করুন। এতে চোখের ল্যাশে একটা ভলিউম আসবে। এরপর কপাল ও নাকের দুপাশে আইব্রো বোনে হাইলাইটার দিন এবং ব্লাশন ব্যবহার করুন। এরপর বেশিক্ষণ থাকে এমন সেটিং স্প্রে ব্যবহার করুন। চোখের সাজটা যদি একটু হালকা হয় তাহলে একটু গাঢ় টোনের লিপস্টিক ব্যবহার করতে পারেন। চাইলে ন্যুড টাইপের শেডগুলোও পছন্দ করতে পারেন। এখন লিপগ্লস খুব ট্রেন্ডে আছে, চাইলে সেটিও ব্যবহার করতে পারেন। 
ছবি: আর্কাইভ

আরও পড়ুন

×