বারান্দায় বাড়ুক ভেষজ
শৈলী ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ০৭:০৩
| প্রিন্ট সংস্করণ
সময়টা প্রচণ্ড গরমের। মাঝেমধ্যে বৃষ্টি খানিকটা শীতল করলেও, কিছুক্ষণ পর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হয়ে যায়। গরমে পেটের নানা সমস্যা, মাথাব্যথা, ঠান্ডা-কাশিসহ নানা ধরনের জটিলতা দেখা যায়। বারান্দায় যদি ঔষধি গাছ বিশেষ করে তুলসী কিংবা পুদিনা থাকে তাহলে সহজেই রস করে খেতে পারবেন। আবার তুলসী বা পুদিনার চা পানে মাথাব্যথা ও পেটের অস্বস্তি কমে।
যেসব ঔষধি গাছ লাগাতে পারেন
বারান্দার সৌন্দর্যবর্ধনের জন্য অন্যান্য গাছের পাশাপাশি পাথরকুচি, থানকুনি, তুলসী, পুদিনা, অ্যালোভেরা, অরিগ্যানো, গাঁদা, জবা ইত্যাদি গাছ লাগাতে পারেন। তুলসী খুব উপকারী ভেষজ। সর্দি-কাশি, হাঁপানি সমস্যা দূর করতে এর জুড়ি নেই। রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে, লিভারের কার্যক্ষমতা বাড়াতে এ ভেষজ উপকারী। পাশাপাশি ব্রণ ও এর দাগ দূর করতে, কপালের ভাঁজ পড়া কমাতে তুলসী কাজ করে। এ ভেষজ গাছের খুব বেশি যত্নের প্রয়োজন পড়ে না। সূর্যের আলো আর পানি পেলেই ভালো থাকে এ গাছ।
পুদিনা পাতায় রোজমেরিক এসিড থাকে, যা হাঁপানি দূর করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস পেটের সমস্যা উপশমে কার্যকরী। খুব অল্প যত্নেই পুদিনা বেড়ে ওঠে। সকাল ও বিকালে নিয়মিত পানি দিলেই ভালো থাকে এ ঔষধি গাছ।
পেটের পীড়া থেকে মুক্ত থাকতে ঘর বা বারান্দায় থানকুনি পাতা লাগাতে পারেন।
এ পাতা হজমশক্তি বাড়ায়, আলসার নিরাময় করে, কর্মক্ষমতা বাড়ায়, শরীরে রক্তপ্রবাহ ঠিক রাখে, মানসিক অবসাদ কমায়।
পাথরকুচি দেখতে যেমন সুন্দর, তেমনি গুণেও ভরা। এ পাতা কলেরা, ডায়রিয়া বা রক্ত আমাশয় সারাতে ভূমিকা রাখে। শরীর জ্বালাপোড়া, শিশুর পেটব্যথা সারাতেও উপকারী পাথরকুচি।
অ্যালোভেরা বহুল পরিচিত ভেষজ। এটি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হওয়ায় শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে কার্যকর। সূর্যের আলো ও নিয়মিত পানি পেলেই অ্যালোভেরা বাড়তে থাকে।
- বিষয় :
- গাছ
