ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

আসবাবের যত্ন

আসবাবের যত্ন
×

আসবাব নিয়মিত শুকনো কাপড় দিয়ে পরিষ্কার রাখুন

শারমিন উদ্দিন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৭:১০

| প্রিন্ট সংস্করণ

বর্ষাকালে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা নীরবে ক্ষতি করতে শুরু করে ঘরের আসবাবের। কাঠ ফুলে ওঠে, কাপড়ের সোফায় স্যাঁতসেঁতে গন্ধ বাসা বাঁধে, ধাতব অংশে মরিচা ধরে, কখনও আবার আলমারির ভেতরে দেখা দেয় ছত্রাক। তাই বর্ষা উপভোগের পাশাপাশি দরকার ঘরের নীরব সঙ্গীদেরও একটু বাড়তি যত্ন।
বর্ষাকালে আসবাবের সবচেয়ে বড় শত্রু সরাসরি বৃষ্টির পানি নয়, বরং বাতাসে জমে থাকা আর্দ্রতা। তাই কাঠের আলমারি, খাট, ডাইনিং টেবিল বা বুকশেলফ দেয়ালের সঙ্গে একেবারে ঠেসে না রেখে কয়েক ইঞ্চি দূরে রাখুন। এতে বাতাস চলাচল করবে এবং স্যাঁতসেঁতে ভাব কমবে। কোথাও পানি পড়ে গেলে যত দ্রুত সম্ভব শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। নিয়মিত নরম শুকনো কাপড় দিয়ে ধুলা পরিষ্কার করলে কাঠের স্বাভাবিক ঔজ্জ্বল্যও বজায় থাকে।
এই সময়ে সোফা, কুশন কিংবা গদি সবচেয়ে বেশি আর্দ্রতা শোষণ করে। ফলে অল্প সময়েই দুর্গন্ধ বা ছত্রাকের সমস্যা দেখা দিতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা ভালো। রোদ উঠলে কুশন ও কভার কিছু সময়ের জন্য খোলা বাতাসে রাখুন। জানালা খুলে ঘরে প্রাকৃতিক আলো ও বাতাস ঢোকার সুযোগ করে দিলে স্যাঁতসেঁতে ভাব অনেকটাই কমে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকেই বাঁশ বা বেতের আসবাব ব্যবহার করেন। তবে দীর্ঘ সময় আর্দ্র পরিবেশে থাকলে এগুলো নরম হয়ে যেতে পারে কিংবা ছত্রাক ধরতে পারে। তাই এসব আসবাব এমন জায়গায় রাখুন, যেখানে বৃষ্টির ছাঁট না লাগে। নিয়মিত শুকনো কাপড় দিয়ে মুছে নিন। রোদ উঠলে কিছু সময় বাতাসে রাখলে বেত ও বাঁশের স্বাভাবিক দৃঢ়তা বজায় থাকে।
বর্তমানে আধুনিক ঘরের বড় অংশজুড়েই রয়েছে এমডিএফ দিয়ে তৈরি আসবাব। দেখতে আকর্ষণীয় হলেও অতিরিক্ত আর্দ্রতার সঙ্গে এই উপাদানের সম্পর্ক খুব একটা ভালো নয়। দীর্ঘ সময় পানি জমে থাকলে এর প্রান্ত ফুলে যেতে পারে বা লেমিনেট আলগা হয়ে যেতে পারে। তাই টেবিলের ওপর ভেজা গ্লাস, ফুলদানি কিংবা গাছের টব সরাসরি না রেখে কোস্টার বা ম্যাট ব্যবহার করুন। পানি পড়লে সঙ্গে সঙ্গে মুছে ফেলাই সবচেয়ে কার্যকর অভ্যাস।
ধাতব ফ্রেমের টেবিল, চেয়ার বা আলমারিতেও বর্ষায় মরিচা ধরার ঝুঁকি বাড়ে। কোথাও মরিচার দাগ দেখা দিলে দ্রুত পরিষ্কার করুন। একই সঙ্গে আলমারি বা ড্রয়ারের ভেতরে সিলিকা জেল বা আর্দ্রতা শোষণকারী প্যাকেট রাখলে ভেতরের পরিবেশ তুলনামূলক শুষ্ক থাকে। সপ্তাহে অন্তত এক দিন কিছু সময়ের জন্য আলমারির দরজা খুলে রাখাও ভালো অভ্যাস। v

আরও পড়ুন

×