ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শীতেও হয় পানিশূন্যতা

শীতেও হয় পানিশূন্যতা
×
×

শীতকালে ঘাম কম হলেও পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান জরুরি

ইসরাত জাহান প্রিয়ানা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ০৮:১৪

| প্রিন্ট সংস্করণ

হালকা ঠান্ডা পড়তেই অনেকে পানি পান করা কমিয়ে দেন। কারণ, গরমকালে স্বাভাবিকভাবে তৃষ্ণা বেশি অনুভূত হলেও শীতের সময় তেমন তৃষ্ণা লাগে না। অনেকেই প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন। কিন্তু শীতকালে আপাতদৃষ্টিতে ঘাম কম হলেও শরীর থেকে পানি বের হওয়া বন্ধ থাকে না। প্রস্রাব, শ্বাস-প্রশ্বাস ও ঘামের মাধ্যমে প্রতিনিয়ত শরীর থেকে পানি বের হয়ে যায়। 
পর্যাপ্ত পানি গ্রহণের অভাবে শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে, যাকে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন হিসেবে বিবেচনা করা হয়। সময়মতো সচেতন না হলে এটি শরীরের স্বাভাবিক কার্যক্রম এবং জৈবিক

প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।
শীতকালে পানিশূন্যতার লক্ষণ 
অতিরিক্ত তৃষ্ণা অনুভব করা বা গলা শুকিয়ে যাওয়া।
মূত্রের পরিমাণ কমে যাওয়া এবং প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া।
মুখ, জিহ্বা ও ঠোঁট শুকিয়ে যাওয়া।
মাথাব্যথা, মাথা ঘোরা বা শারীরিক দুর্বলতা অনুভব করা।
শরীর ক্লান্ত লাগা এবং কাজে মনোযোগ কমে যাওয়ার প্রবণতা।
কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেওয়া।
ত্বক শুষ্ক বা ড্রাই হয়ে যাওয়া।
তবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে পানিশূন্যতার ঝুঁকি তুলনামূলক বেশি। বিশেষ করে শিশুদের কান্নার সময় চোখে পানি না আসা, স্বাভাবিকের তুলনায় কম প্রস্রাব হওয়া এবং অস্বাভাবিক নিস্তেজ হয়ে পড়লে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। 

পানিশূন্যতা প্রতিরোধে করণীয়
শীতকালে পানিশূন্যতা এড়াতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি গ্রহণের পরিমাণ ব্যক্তির ওজন অনুযায়ী আলাদা হবে। এ ক্ষেত্রে দৈহিক অবস্থা বিবেচনায় পানির পরিমাণ ভিন্ন হবে। তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে নির্দিষ্ট বিরতিতে কয়েক চুমুক পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করা যেতে পারে। পাশাপাশি খাবারের আগে ও পরে ১৫-২০ মিনিট বিরতি দিয়ে পানি পান করতে পারেন। দিনের বিভিন্ন সময়ে পানি ও পানিজাতীয় তরল খাবার গ্রহণ করলেও উপকার মিলবে। 
বাইরে বের হলে সঙ্গে পানির বোতল রাখা উচিত। শীতকালে ঠান্ডা পানি পান করার অভ্যাসের পরিবর্তে স্বাভাবিক তাপমাত্রার পানি বা হালকা গরম পানি পান করুন। চা-কফি বেশি পান করার পরিবর্তে সাধারণ পানিকে প্রাধান্য দিতে হবে। তবে শরীরের প্রয়োজন অনুযায়ী পানির পরিমাণ নির্ধারণ করা জরুরি। 

পানিশূন্যতা প্রতিরোধে খাবার 
শুধু পানি নয়, বিভিন্ন ফলমূল ও শাকসবজি থেকেও শরীরের পানির চাহিদার একটি অংশ পূরণ করা সম্ভব। শীতকালে সহজলভ্য কিছু পানিসমৃদ্ধ খাবার হলো—
কমলালেবু ও মাল্টা: এসব সাইট্রাস ফলে প্রচুর পানি রয়েছে। পাশাপাশি ভিটামিন-সি শরীরের জন্য উপকারী।
শসা: শসায় পানির পরিমাণ অনেক বেশি। এটি শরীরকে আর্দ্র রাখতে ও হাইড্রেশন বজায় রাখতে সহায়তা করে।
পেয়ারা: পানির পাশাপাশি এতে রয়েছে ভিটামিন-সি ও ফাইবার (পেকটিন)। প্রতিটি উপাদান শরীরের জন্য উপকারী। 
টমেটো: এতে প্রচুর পানি এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন লাইকোপেন রয়েছে।
গাজর: গাজরে পানি, আঁশ, বিটা ক্যারোটিনসহ বিভিন্ন ভিটামিন পাওয়া যায়।
পালংশাক ও অন্যান্য সবুজ শাকসবজি: শাকপাতা শরীরের পানির চাহিদা পূরণে সহায়ক।
স্যুপ ও পাতলা ডাল: শরীরে তরল সরবরাহের পাশাপাশি পুষ্টি জোগায় স্যুপ ও পাতলা ডাল। পাশাপাশি সবজি, ডিম, মুরগির স্যুপে মেশানো হলে পুষ্টিগুণ বাড়ে। 
ডাবের পানি: এতে পানি ও কিছু খনিজ উপাদান রয়েছে। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ মেনে ডাবের পানি পান করা প্রয়োজন। এ ছাড়া পানির চাহিদা পূরণে তরমুজ, আপেল ও অন্যান্য মৌসুমি ফলও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। 
লেখক: পুষ্টিবিদ ও ডায়েটিশিয়ান
জেজি হেল্থকেয়ার, হেমায়েতপুর সেন্ট্রাল হসপিটাল ও এভার ড্রিম ফার্টিলিটি কেয়ার

আরও পড়ুন

×