শিশুর ত্বকে বাড়তি যত্ন
আসমাউল হুসনা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা কমে যায়। এতে শিশুর ত্বক দ্রুত শুষ্ক হয়ে পড়তে পারে। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুর ত্বক বেশি সংবেদনশীল এবং এর সুরক্ষাব্যবস্থাও পুরোপুরি পরিণত নয়। ফলে এ সময় ত্বকে দেখা দিতে পারে শুষ্কতা, চুলকানি, লালচে ভাব, খসখসে ভাব কিংবা ফেটে যাওয়ার মতো সমস্যা। বিশেষ করে যেসব শিশুর ত্বকে আগে থেকেই একজিমা বা অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। তাই শীতের শুরু থেকেই শিশুর ত্বকের যত্নে কিছু বিষয়ে সচেতন হওয়া জরুরি।
গোসলের নিয়মে পরিবর্তন
শিশুর ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে গোসলের নিয়মে পরিবর্তন আনা প্রয়োজন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) পরামর্শ অনুযায়ী, শিশুর গোসল দীর্ঘ সময় ধরে করানো উচিত নয়। ৫-১০ মিনিটের মধ্যে গোসল শেষ করা ভালো। এ সময় অতিরিক্ত গরম পানির পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কারণ, গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল সরিয়ে দিয়ে শুষ্কতা বাড়াতে পারে। সুগন্ধিযুক্ত সাবান, বাবল বাথ কিংবা শক্তিশালী ক্লিনজার এড়িয়ে মৃদু ও সুগন্ধিবিহীন পরিষ্কারক ব্যবহার করা উচিত। নবজাতকের ক্ষেত্রে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই; বরং প্রয়োজন অনুযায়ী পরিষ্কার রাখাই যথেষ্ট।
ময়েশ্চারাইজার
শিশুর ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার। গোসলের পর নরম তোয়ালে দিয়ে শরীর আলতোভাবে মুছে ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগাতে হবে। চিকিৎসাবিজ্ঞানে এই পদ্ধতিকে ‘সোক অ্যান্ড সিল’ বলা হয়। এর ফলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়। শীতকালে লোশনের তুলনায় ঘন ক্রিম বা অয়েন্টমেন্ট বেশি কার্যকর হতে পারে। পেট্রোলিয়াম জেলি শুষ্ক ও ফাটা অংশে সুরক্ষামূলক আবরণ তৈরি করতে সাহায্য করে। শিশুর জন্য সুগন্ধি ও রংমুক্ত পণ্য বেছে নেওয়া ভালো। দিনে অন্তত দুবার এবং প্রয়োজন অনুযায়ী আরও কয়েকবার ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে গাল, ঠোঁট, হাত ও পায়ের দিকে বাড়তি নজর দিতে হবে।
পোশাক
শীত থেকে শিশুকে সুরক্ষিত রাখতে পোশাক নির্বাচনে সতর্ক হওয়া প্রয়োজন। শিশুকে সুতি পোশাক পরানো ভালো। এর ওপর প্রয়োজন অনুযায়ী একাধিক স্তরে গরম কাপড় পরানো যেতে পারে। উলের পোশাক সরাসরি ত্বকে লাগলে অনেক শিশুর অস্বস্তি বা চুলকানি হতে পারে। তাই উলের পোশাকের নিচে সুতি কাপড় পরানো উচিত। তবে শিশুকে অতিরিক্ত কাপড় পরানো যাবে না। এতে তারা ঘেমে যায়। ঘাম জমে ত্বকে র্যাশ ও অস্বস্তিও তৈরি হয়।
ডায়াপার ও ত্বকের বিশেষ যত্ন
শিশুর ডায়াপার ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। দীর্ঘ সময় একই ডায়াপার পরে থাকলে আর্দ্রতা ও ঘর্ষণের কারণে ডায়াপার র্যাশ হতে পারে। তাই নিয়মিত ডায়াপার পরিবর্তন করতে হবে। প্রতিবার পরিবর্তনের সময় জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করে আলতোভাবে শুকিয়ে নিতে হবে। প্রয়োজন হলে জিংক অক্সাইডযুক্ত ব্যারিয়ার ক্রিম ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি শিশুর নখ ছোট রাখা জরুরি; যাতে চুলকানির কারণে ত্বকে আঁচড় না লাগে।
খাবার ও পরিচ্ছন্নতায় সচেতনতা
ত্বক সুস্থ রাখতে শিশুর বয়স অনুযায়ী সুষম খাবার ও পর্যাপ্ত তরল গ্রহণ গুরুত্বপূর্ণ। ছয় মাসের কম বয়সী শিশুর জন্য মায়ের বুকের দুধই যথেষ্ট। ছয় মাসের পর বয়স উপযোগী পরিপূরক খাবারের পাশাপাশি বুকের দুধ চালিয়ে যেতে হবে। ফলমূল, শাকসবজি, মাছ, ডিমসহ পুষ্টিকর খাবার শিশুর খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে কোনো নির্দিষ্ট খাবার ত্বকের শুষ্কতা দূর করে এমন ধারণা ঠিক নয়।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন
শিশুর ত্বকে অতিরিক্ত লালচে ভাব, ফোসকা, পুঁজ, গভীর ফাটল কিংবা তীব্র চুলকানি দেখা দিলে অবহেলা করা উচিত নয়। চুলকানির কারণে শিশুর ঘুম ব্যাহত হলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে একজিমায় আক্রান্ত শিশুদের শীতকালে উপসর্গ বেড়ে যেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড বা অন্য কোনো ওষুধযুক্ত ক্রিম ব্যবহার করা উচিত নয়। v
মডেল: আরিবাহ্
- বিষয় :
- শিশু