প্রাকৃতিক ময়েশ্চারাইজার
শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে নারকেল তেল এবং শিয়া বাটার ব্যবহার করা যেতে পারে
ইসরাত জাহান
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ০৮:০৬
| প্রিন্ট সংস্করণ
আবহাওয়ার পরিবর্তন, অতিরিক্ত রোদ, ধুলাবালি কিংবা শীতে গরম পানি ব্যবহারের কারণে ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন দেখায়। তাই শীতে সুন্দর, কোমল ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। ত্বকের যত্ন নিতে সব সময় দামি প্রসাধনীর প্রয়োজন হয় না। ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপাদান দিয়েও সহজে ময়েশ্চারাইজিং বাম, জেল ও ক্রিম তৈরি করা সম্ভব। এতে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সম্ভব। আবার হুট করে রেডিমেইড ময়েশ্চারাইজার শেষ হয়ে গেলেও ঘরোয়া ও প্রাকৃতিক উপাদানে তৈরি ময়েশ্চারাইজার আপনার ত্বককে সুরক্ষিত রাখবে।
অ্যালোভেরা ও গ্লিসারিন
অ্যালোভেরা ত্বককে সতেজ ও আর্দ্র রাখতে সাহায্য করে। অন্যদিকে গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। দুই চা-চামচ বিশুদ্ধ অ্যালোভেরা জেলের সঙ্গে এক থেকে দুই ফোঁটা ভেজিটেবল গ্লিসারিন মিশিয়ে নিন। এরপর পরিষ্কার মুখে অল্প পরিমাণে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। যারা হালকা ধরনের ময়েশ্চারাইজার পছন্দ করেন, তাদের জন্য এটি উপযোগী হতে পারে।
নারকেল তেল ও শিয়া বাটার
শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে নারকেল তেল এবং শিয়া বাটার ব্যবহার করা যেতে পারে। নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, অন্যদিকে শিয়া বাটারে থাকা ফ্যাটি এসিড ত্বক কোমল রাখতে সহায়তা করে। দুই চা চামচ শিয়া বাটারের সঙ্গে এক চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য গরম করে নরম করে নিন এবং ঠান্ডা হওয়ার পর ব্যবহার করুন। গোসলের পর হাত, পা, কনুই ও হাঁটুর শুষ্ক অংশে অল্প পরিমাণে লাগাতে পারেন। তবে ব্রণপ্রবণ ত্বকে নারকেল তেল এড়িয়ে চলাই ভালো।
আমন্ড অয়েল ও কোকো বাটার
আমন্ড অয়েল ও কোকো বাটার শুষ্ক ত্বক নরম রাখতে সহায়তা করে। কোকো বাটার ত্বকের উপরিভাগে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, অন্যদিকে সুইট আমন্ড অয়েল ত্বক মসৃণ রাখতে সহায়তা করে। দুই চা চামচ কোকো বাটারের সঙ্গে এক চা চামচ সুইট আমন্ড অয়েল মিশিয়ে নিন। ডাবল বয়লার পদ্ধতিতে কোকো বাটার গলিয়ে তেল মেশান এবং ঠান্ডা হতে দিন। তারপর এটি হাত-পায়ের শুষ্ক অংশে অল্প করে ব্যবহার করবেন।
বিসওয়্যাক্স ও অলিভ অয়েল
বিসওয়্যাক্স বা মৌমাছির মোম ত্বকের উপরিভাগে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। এটি ত্বকের আর্দ্রতা কমানো রোধ করে। এর সঙ্গে অলিভ অয়েল ব্যবহার করলে শুষ্ক ত্বকের জন্য একটি ঘন ময়েশ্চারাইজার তৈরি করা যায়। এ জন্য এক চা চামচ কসমেটিক-গ্রেড বিসওয়্যাক্স, দুই চা চামচ অলিভ অয়েল এবং এক চা চামচ নারকেল তেল নিন। ডাবল বয়লার পদ্ধতিতে উপাদানগুলো গলিয়ে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা করুন। তারপর এটি পায়ের গোড়ালি, কনুই কিংবা হাঁটুর রুক্ষ অংশে ব্যবহার করুন।
শিয়া বাটার ও অয়েল
রাতের বেলায় ত্বকের শুষ্কতা কমাতে তুলনামূলক ঘন ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। এক চা চামচ শিয়া বাটার এবং এক চা চামচ ইভনিং প্রিমরোজ অয়েল বা হাতের নাগালে থাকে এমন তেল নিন। প্রথমে শিয়া বাটার গলিয়ে চুলা থেকে নামিয়ে নিন। তেল মিশিয়ে ঠান্ডা করুন। রাতে ঘুমানোর আগে শরীরের শুষ্ক অংশে অল্প পরিমাণে লাগাতে পারেন। তবে তৈলাক্ত কিংবা ব্রণপ্রবণ ত্বকে এ ধরনের ভারী ময়েশ্চারাইজার ব্যবহার না করাই ভালো।
জোজোবা অয়েল
জোজোবা অয়েল পরিচিত প্রাকৃতিক স্কিনকেয়ার উপাদান, যা ত্বক নরম রাখতে সাহায্য করে। পরিষ্কার ও সামান্য ভেজা ত্বকে কয়েক ফোঁটা জোজোবা অয়েল লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। তবে সব ধরনের ত্বকে ফেস অয়েল উপযুক্ত নয়। বিশেষ করে ব্রণপ্রবণ বা সংবেদনশীল ত্বকে এটি ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা উচিত।
ত্বকের ধরন বুঝে সঠিক উপাদান বেছে নিন
সবার ত্বকের ধরন এক নয়, তাই একই ঘরোয়া ময়েশ্চারাইজার সবার জন্য কার্যকর নাও হতে পারে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে শিয়া বাটার কিংবা কোকো বাটারের মতো ঘন উপাদান উপকারী হতে পারে। অন্যদিকে তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকে ভারী ময়েশ্চারাইজার ব্যবহারের পরিবর্তে হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। সংবেদনশীল ত্বকের জন্য সুগন্ধিবিহীন ও অল্প উপাদানযুক্ত পণ্য বেছে নেওয়া উচিত। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলা এবং গোসলের পর ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার লাগানোর অভ্যাস গড়ে তুলুন। v
তথ্যসূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, বি বিউটিফুল
মডেল: প্রকৃতি ও মাশফি; ছবি: মঞ্জু আলম
- বিষয় :
- ত্বক