শালের চলতি ধারা
শীতের বেশভূষায় শালের আবেদন বরাবরই আলাদা মডেল: মুক্তা রায়; পোশাক ও ছবি: হরিতকী
রিক্তা রিচি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ০৮:১৫
| প্রিন্ট সংস্করণ
‘বিমূর্ত এই রাত্রি আমার/মৌনতার সুতোয় বোনা/একটি রঙিন চাদর।/সেই চাদরের ভাঁজে ভাঁজে/নিঃশ্বাসেরই ছোঁয়া।/আছে ভালোবাসা, আদর।’
একটা সময় ছিল, যখন মা-চাচিরা উঠানে বসে আয়তাকার কালো চাদরে ফুলেল নকশা তুলতেন। হাতে তৈরি সেই নকশাযুক্ত চাদরে মিশে থাকত মায়া ও ভালোবাসা। এখন সময় বদলে গেছে। কর্মব্যস্ততা বেড়েছে। দাওয়ায় বসে চাদরে নকশা তুলছেন এমন দৃশ্য দেখা যায় না। তবে শীত নিবারণের জন্য চাদর ও শালের গুরুত্ব কমেনি। বরং বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়াতে অনেক ধরনের পোশাক এলেও, শীতের সঙ্গী হিসেবে শালের রয়েছে আলাদা কদর। তা সে হোক হালকা কিংবা ভারী শীত, তাঁত-কাশ্মীরি কিংবা মিনিমাল নকশার শাল গায়ে না জড়ালে উষ্ণতা পাওয়া যায় না।
না, শহরে এখনও শীত জেঁকে বসেনি। কেবল রাত ও ভোরের দিকে ঠান্ডা ঠাহর করা যায়। তবে শীত আসছে শিগগিরই। তাই শীত বরণের প্রস্তুতিও শুরু হয়ে গেছে জোরেশোরে। ফ্যাশন ব্র্যান্ড ও হাউসগুলোয় চলে এসেছে নতুন শাল। এখন বাণিজ্যিকভাবে বিভিন্ন ব্র্যান্ড, ফ্যাশন হাউস ও অনলাইন পেজের উদ্যোক্তারা শাল তৈরি করছেন। সেসব শালে যোগ হচ্ছে নতুনত্ব। হালকা শীতে নারীরা ওড়নার বদলে শাল জড়িয়ে নেন গায়ে। পুরুষরাও উষ্ণ থাকতে বেছে নেন উলের এ বস্ত্র। শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা পাশ্চাত্য পোশাক–সবকিছুর সঙ্গেই মানিয়ে নেওয়া যায় শাল। সঠিক রং, নকশা ও পরার ধরন বেছে নিতে পারলে সাধারণ পোশাকেও যোগ হয় ভিন্ন মাত্রা।
সাতকাহনের স্বত্বাধিকারী নুরুন্নাহার নীলা জানান, শীতের পোশাকে উষ্ণতার পাশাপাশি নান্দনিকতা ও নিজস্ব রুচির প্রকাশ ঘটাতে সাতকাহন প্রতিবারের মতো এবারও শালের সংগ্রহ নিয়ে এসেছে। দেশীয় ঐতিহ্য, আধুনিক ভাবনা এবং শিল্পিত নকশার সমন্বয়ে তৈরি হয়েছে বৈচিত্র্যময় সব শাল।
তিনি জানান, এবারের শালের সংগ্রহে রয়েছে থিমেটিক, ফ্লোরাল এবং দেশীয় ঐতিহ্যনির্ভর নানা ধরনের নকশা ও মোটিফ। নকশায় সাবলিমেশন প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে রং, মোটিফ ও ডিজাইনের সূক্ষ্মতা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ফলে শালের ক্যানভাসে প্রাণ পেয়েছে বিভিন্ন থিম, ফুলেল নকশা এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অনুষঙ্গ।
হরিতকীর কো-ফাউন্ডার অনিক কুণ্ডু বলেন, ‘আমাদের শালে বিভিন্ন থিম ফুটে ওঠে। প্রকৃতি ও নারীর থিম, বিখ্যাত চিত্রশিল্পীর পেইন্টিং, ঢাকার ঐতিহ্যবাহী রিকশা, আহসান মঞ্জিল, নকশিকাঁথার মোটিফ, টেরাকোটা, গ্রামীণ দৃশ্য, ইউরোপীয় আর্ট, রিকশা আর্ট, ফোক আর্ট, পটচিত্র ইত্যাদি ফুটে ওঠে শালে।’
দেশীয় ও উপমহাদেশীয় ইতিহাস, সংস্কৃতির ক্লাসিক্যাল মোটিফ নিয়ে করা শালগুলোর কোনোটা প্রিন্টের, কোনোটা অ্যাপ্লিকের, আবার কোনোটা হাতের কাজ করা হয়েছে বলে জানান হরিতকীর আরেক কো-ফাউন্ডার বলরাম পাল। তিনি জানান, এ বছর মিক্সড কটনের শাল বেশি করা হয়েছে। মিক্সড কটনের সঙ্গে সিন্থেটিকও মেশানো রয়েছে। এ ছাড়া ভেলভেট, হাতের কাজ করা শাল, খাদি, খেশ, ভিসকস শালও পাওয়া যাবে।
নকশায় মোটিফে
শালের নকশায় বিভিন্ন ফুলের মোটিফ ও নকশা যেমন গোলাপ, পদ্ম, জুঁই, টিউলিপ, সূর্যমুখী, ডেইজি, চেরি ব্লসম ইত্যাদি ফুটিয়ে তোলেন উদ্যোক্তারা। এ ছাড়া বোটানিক্যাল মোটিফ যেমন গাছের ডাল, পাতা, কুঁড়ি, লতাগুল্ম, শালের জমিনে বিস্তৃত শাখা-প্রশাখাসহ একটি বৃক্ষের নকশা লক্ষ্য করা যায়। আমপাতা, অশ্রুবিন্দু কিংবা বাঁকানো বীজের মতো দেখতে নকশা কাশ্মীরি শালে বেশি দেখা যায়। বিভিন্ন প্রাণী যেমন ময়ূর, প্রজাপতি, স্থাপত্য, চিত্রকলা, ধর্মীয় ও সাংস্কৃতিক শিল্পরীতি থেকেও শালের নকশা করা হয়। বিভিন্ন ব্র্যান্ড ও উদ্যোক্তাদের শালে বাহারি জ্যামিতিক ও আদিবাসী মোটিফও লক্ষণীয়।
প্যাটার্ন
শাল ও চাদর আয়তাকার হলেও এখন ডিজাইনাররা প্যাটার্নে নতুনত্ব যোগ করছেন। আড়াআড়ি ও লম্বালম্বি একাধিক রঙের রেখা দিয়ে তৈরি চেকের বিন্যাস, স্ট্রাইপস, জিগজ্যাগ, শেভরন অর্থাৎ ইংরেজি ভি অক্ষরের মতো বারবার তৈরি হওয়া রেখা, গ্রিড প্যাটার্ন অর্থাৎ জালের মতো ঘরকাটা রেখা, বৃত্ত, অর্ধবৃত্ত ও গোলাকার নকশা, ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, মোজাইক প্যাটার্ন শালকে করছে বৈচিত্র্যময়।
কারুকাজ
শালে বিভিন্ন কারুকাজ থাকে। ছাপা নকশা, ডিজিটাল ও ইন্ডাস্ট্রিয়াল প্রিন্ট, সাবলিমেশন প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি, হালকা নকশার মিরর ওয়ার্ক, সিকুইন ও জারদৌসির কাজ শালে আভিজাত্য যোগ করে। এ ছাড়া হ্যান্ডপেইন্ট, টাইডাই, ব্লক, প্যাচওয়ার্ক শালে যোগ করে ভিন্নমাত্রা।
রঙের ব্যবহার
শালের রঙেও রয়েছে বিশেষ বৈচিত্র্য। কোথাও স্নিগ্ধ ও কোমল রঙের ব্যবহার, কোথাও উজ্জ্বল ও প্রাণবন্ত রঙের উপস্থিতি, আবার কোথাও আভিজাত্যপূর্ণ রঙের সমন্বয় শাল ও চাদরকে দিয়েছে ভিন্ন মাত্রা। সাতকাহন, হরিতকীসহ অন্যান্য ব্র্যান্ডের বিভিন্ন শালের ডিজাইনে চেষ্টা করা হয়েছে প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুনত্ব ও নান্দনিকতার প্রকাশ ঘটানোর। লাল, নীল, হলুদ, সরিষা, কালো, ব্রিক রেড, ম্যাজেন্টা, জলপাই, প্যাস্টেল শেড, গোলাপি, সাদাসহ বিভিন্ন রঙের সংমিশ্রণের দেখা যাচ্ছে এবারের শালে।
স্টাইলে শাল
এখনকার নারীরা শাল দিয়ে বিভিন্ন স্টাইল করতে পছন্দ করেন। তরুণীরা নটেট স্টাইল পছন্দ করে। সে ক্ষেত্রে শাল দুপাশে জড়িয়ে সামনের অংশে গিঁট দিতে হবে। চাইলে ব্রোচ বা পিন দিয়ে আটকে দিতে পারেন। টপস ও জিন্সের সঙ্গে যে কোনো সাধারণ শাল দিয়ে স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে কোমরে বেল্ট বাঁধতে পারেন। শাড়ির সঙ্গে পরার জন্য কাঁধের একপাশে শাল ফেলে রাখতে পারেন। এটি আধুনিক ও সাবেকিয়ানা দুই লুকই দেয়। আবার লেয়ারিং স্টাইল করেও পরা যাবে শাল। ভারী শীতে জ্যাকেট বা কার্ডিগানের সঙ্গে শাল জড়িয়ে নিলেও আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি হয়।
কোথায় পাবেন, দরদাম
বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, ফ্যাশন হাউস থেকে শুরু করে লোকাল মার্কেটে শীতের শাল পাওয়া যায়। তবে গুণগত মান, নকশা, কারুকাজভেদে এর দাম ভিন্ন হয়। আড়ং, লা রিভসহ যে কোনো দেশীয় ব্র্যান্ড থেকে নিত্যদিন ব্যবহারের শাল কেনা যাবে এক হাজার থেকে দুই হাজার ৫০০ টাকার মধ্যে। উৎসবে পরার জন্য শাল কিনলে খরচ আরেকটু বাড়তে পারে। সাতকাহন থেকে শাল কেনা যাবে ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে। হরিতকীতে অফার মূল্যে শাল কেনা যাবে এক হাজার ১৯০ টাকায়। তবে এ অফার সীমিত সময়ের জন্য। হরিতকীর শালের দাম
সাধারণত এক হাজার ৫০০ টাকা হয়ে থাকে।
- বিষয় :
- শীত