ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রংতুলিতে রঙিন দেশ

রংতুলিতে রঙিন দেশ
×

বগুড়া রেলস্টেশন চত্বরে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে সুহৃদরা আয়োজন করে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আসলাম হোসাইন

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

দিনটি ছিল লাল-সবুজের পতাকা ও বাংলাদেশের চিত্রাঙ্কনের। আনন্দ-উল্লাস আর নতুন ভুবন তৈরিতে মেতে ছিল একঝাঁক শিশু; যারা উৎসবের আলোর বাইরে থাকে, যাদের সময় কাটে অনাহার, অনিশ্চয়তা আর অবহেলার ভেতর। এমন বাস্তবতায় সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা উদ্যোগ নেয় পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার।
লাল-সবুজের যে অর্জন একটি স্বাধীন দেশ তার ইতিহাস, স্বপ্ন ও গর্ব যেন পথশিশুদের হৃদয়েও রং ছড়ায়, সেই প্রত্যয় থেকেই এই মানবিক উদ্যোগ। সম্প্রতি বগুড়া রেলস্টেশন চত্বর এলাকায় সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে দিনব্যাপী আয়োজন করা হয়। রংতুলি হাতে নিয়ে শিশুরা নিজেদের কল্পনার বাংলাদেশ ফুটিয়ে তোলে সাদা ক্যানভাসে। কেউ এঁকেছে লাল-সবুজের জাতীয় পতাকা, কেউ জাতীয় ফুল আর লাল সূর্য, কেউ আবার নিরাপদ একটি ঘরের স্বপ্ন এঁকেছে। তাদের সেই নিষ্পাপ আঁকিবুঁকিতে ধরা পড়েছে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা। 
প্রতিযোগিতায় ৪০ জন সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে পথের দিশা ভাসমান স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা আক্তার ঝুমুর। দ্বিতীয় হয় একই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করে শিশু শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বগুড়া রেলওয়ে স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজুসহ সুহৃদরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ পুরস্কার শুধু কিছু সামগ্রী নয়, ছিল ভালোবাসা, স্বীকৃতি ও সম্মানের প্রতীক। পাশাপাশি শিশুদের এক বেলা খাবার পরিবেশন করা হয়। 
বগুড়া সুহৃদ সভাপতি আবু মোত্তালেব মানিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন–সমকাল উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাসার, বগুড়া রেলওয়ে স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু, সমকাল বগুড়া ব্যুরোপ্রধান এসএম কাওসার, পথের দিশা ভাসমান স্কুলের পরিচালক সাংবাদিক মোস্তফা মোঘল, সুহৃদ সহসভাপতি শেখর রায়, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, সাধারণ অর্থ সম্পাদক চন্দন কুমার গুপ্ত, আ.হ.ক কলেজ সুহৃদের সারজেল হোসেন, আব্দুর রউফ, রাকিবুল ইসলাম, কাওসার আহমেদ তাজবির, তমালিকা, তাইয়্যেবা হিরা, সমকালের রিপোর্টার শাহনেওয়াজ ইসলাম প্রমুখ।   
আয়োজন সম্পর্কে বক্তারা বলেন, পথশিশুদের স্বপ্ন, সম্ভাবনা এবং বহুদূর যাওয়ার সক্ষমতা রয়েছে। সঠিক পরিকল্পনা, মানবিক দৃষ্টিভঙ্গি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা শিশুদের জীবনযাত্রার মান উন্নত করতে পারি। 
শিশুদের নিয়ে এমন আয়োজন করতে পেরে সুহৃদরা আনন্দ প্রকাশ করেন। 
সাধারণ সম্পাদক, সুহৃদ সমাবেশ, বগুড়া

আরও পড়ুন

×