ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিঃশব্দে ঝরে পড়া ফুল

নিঃশব্দে ঝরে পড়া ফুল
×

অলংকরণ :: ফাইয়াজ হোসেন

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৬:৪৭

| প্রিন্ট সংস্করণ

দূরযাত্রা 
আলাউদ্দিন আজাদ 

এই শহরে ভালোবাসা ছিল
ফুটত লাল টুকটুকে কৃষ্ণচূড়া।
পাখিরা সুরেলা কণ্ঠে গান গাইত,  
মানুষ মুগ্ধ হয়ে শুনত
প্রাণভরে নিত নির্মল নিঃশ্বাস।
দূরদূরান্ত থেকে ছুটে আসত মানুষ,
কোলাহলে ভরে থাকত শহর,
হাসি আর আনন্দে মিলেমিশে
নিত্যদিনের গল্প হয়ে উঠত।
হঠাৎ এক কালবৈশাখী দিনে
ভয়ার্ত ছায়া নেমে এলো শহরজুড়ে।
আনন্দ ঢেকে গেল বিষণ্নতায়,
নিস্তব্ধতায় থমকে দাঁড়াল সময়।
প্রিয় মুখগুলো ধীরে ধীরে
ধূসর রঙে মিশে যেতে লাগল।
ভালোবাসার শহরে উঠল বেদনার চড়,
আকাশ ভারী হলো দীর্ঘশ্বাসে।
পাখিরাও নীড় ছেড়ে
যাত্রা করল নিদানকালের দিকে।

 

মমতাময়ী
মকবুল হোসেন

মমতাময়ী রূপটি যাঁর
সেই তো আমার মা
নিঃস্বার্থ এ ভালোবাসায়
নাই যার তুলনা।

সংসারের ঘানি টানতে
নিজেকে ভোলেন যিনি
ভালোবাসার মূর্ত প্রতীক
মা-জননী তিনি।

নিখিল ভুবনে তাঁর মতো
আপন আর কয় জনা
জন্মধাত্রী মাকে কভু
ভুলতে আমি পারি না।

সুখে-দুঃখে সদা তাই
স্মরণ রাখি তাঁকে
সর্বদা তিনি যেন
থাকেন মহাসুখে।
 

 

ফুলঝরা রাত
শাহরিয়ার কাসেম 

একটা ফুল ঝরে যাওয়ার রাতে
ঋতু বদলায়–প্রহর গলিয়ে পড়ে নিঃশব্দে।
বাতাসে ভেসে বেড়ায় হারানোর ঘ্রাণ,
চুপিসারে নামে বিষণ্নতা।
জানালার ধারে ভিড় করে দুঃখ,
অন্ধকারে জেগে থাকে নিদ্রাহীন চোখ–
রাত বাড়ে, দুঃখ ফুরোয় না।
দূরের কোনো নক্ষত্র নিভে যায় অচেনায়,
নিঃশব্দে ঝরে পড়া ফুলের মতো।
ভোর নামে, সূর্যের আলো আসে,
শুধু দুঃখগুলো যায় না কোথাও।

 

রণে সংশয়
আরিফ রানা

ওদিকে ইরান-ইসরায়েলে রণে শপথ,
মিসাইলের ব্যালটে তাজা রক্ত।
আকাশে ড্রোন, মাটিতে কবর,
রাজনীতির জিহ্বায় গরম বারুদের গন্ধ।
আওয়াজ তোলে ‘মহাসংকট’ চেয়ে দেখ!
পর্দার আড়ালে ভাগ হয় বাজেটের কেক।
ম্যাংগো-পিপল নিছক নাটকের চরিত্র,
স্ক্রিপ্ট লেখে শাসকদলীয় প্রযোজক।

এই পথ ছিল একদিন প্রতিবাদের,
আজ তা সেলফি স্পট–
এক ক্লিকে বিপ্লব, দুই ক্লিকে যাই ভুলে সব,
তৃতীয় ক্লিকে আবার নতুন ট্রেন্ড।
রাজনীতি এখন বিজ্ঞাপনের ব্র্যান্ড,
বাকশক্তি নিঃশেষ, প্রচারমূল্যে বাক্যের দর।
তাই যখন রণ শপথ হয় ওদিকে,
এইদিকে কেবল নিঃশব্দ অভিসন্ধির রাজপথ। 

আরও পড়ুন

×